১৯ জেলায় সার পরিবহন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের পরিবহন শ্রমিকনেতা আবদুস সালামকে (৫২) পিটিয়ে হত্যার প্রতিবাদে গতকাল রোববার ভোর ছয়টা থেকে ১৯ জেলায় সার পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। তারাকান্দি ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন এ কর্মসূচির ডাক দিয়েছে।
শ্রমিক ইউনিয়ন ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শ্রমিক ইউনিয়নের তারাকান্দি শাখার সহসাধারণ সম্পাদক আবদুস সালাম (৫২) গত শুক্রবার রাত সাড়ে নয়টায় তারাকান্দি মোড়ে লেবু মিয়ার দোকানে সিগারেট কিনতে যান। ৮ টাকার একটি সিগারেটের দাম ১০ টাকা নেওয়ায় আবদুস সালাম প্রতিবাদ করেন। পরে লেবু মিয়া ও তাঁর ছেলে নূরুল আমিনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাবা-ছেলে মিলে আবদুস সালামকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাঁকে গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে গতকাল ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবদুস সালামের মৃত্যু হয়। এ খবর যমুনা সার কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকেরা প্রতিবাদে ফেটে পড়েন। এরপর ভোর ছয়টা থেকে ১৯ জেলায় সার পরিবহন বন্ধ করে দেওয়া হয়।
নিহত আবদুস সালামের ছেলে হাফিজুর রহমান (২৫) বলেন, ‘আমার বাবাকে লেবু ও তাঁর ছেলে পিটিয়ে হত্যা করেছেন। আমি এর বিচার চাই।’
জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মোতালিব বলেন, শ্রমিকনেতাকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছে।
ওই শ্রমিক ইউনিয়নের তারাকান্দি শাখার সভাপতি আক্কাশ আলী বলেন, কর্মসূচি অব্যাহত থাকবে।
যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ১৯ জেলায় সার পরিবহন বন্ধ আছে।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহেদ আল মামুন গতকাল বিকেলে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।