কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়ার পশ্চিম বঙ্গোপসাগরে গত মঙ্গলবার গভীর রাতে একটি মাছ ধরার নৌকায় জলদস্যুরা লুটপাট চালিয়েছে। এ সময় বাধা দেওয়ায় তারা নৌকাটির ২০ জন জেলেকে মারপিট করে সাগরে ফেলে দিয়েছে। অন্য সবাইকে উদ্ধার করা গেলেও এক জেলে নিখোঁজ রয়েছেন।এফবি ইফতেখার নামের ওই মাছ ধরার নৌকার মালিক বখতিয়ার আলম জানান, জেলেরা তাঁর নৌকা নিয়ে গত রোববার সোনাদিয়ার পশ্চিম বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। মঙ্গলবার রাত একটার দিকে জলদস্যুরা হামলা চালিয়ে মেশিন, জাল, মাছসহ ছয় লাখ টাকার মালামাল লুট করে। জেলেরা বাধা দিলে তারা ২০ জেলেকে পানিতে ফেলে দেয়। পরে অন্য আরেকটি নৌকার সহায়তায় ১৯ জন জেলে কূলে ফিরে এলেও হামিদুল হক (২৮) নামের এক জেলে নিখোঁজ হন। আহত আটজন জেলেকে গতকাল বুধবার মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় নৌকার মলিক বখতিয়ার গতকাল রাতে মহেশখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।এদিকে নিখোঁজ হামিদুল হকের সন্ধানে গতকাল সাগরে অতিরিক্ত বোট নামানো হয়েছে। কিন্তু গতকাল রাত নয়টা পর্যন্ত হামিদের হদিস মেলেনি বলে বখতিয়ার জানিয়েছেন।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া বলেন, জলদস্যুদের গ্রেপ্তারে মহেশখালী চ্যানেলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।