১৯ ডিসেম্বর থেকে বান্দরবানে বোমাং রাজপুণ্যাহ উৎসব
বান্দরবান বোমাং সার্কেলের ঐতিহ্যবাহী খাজনা আদায়ের বোমাং রাজপুণ্যাহ উৎসব আগামী ১৯ ডিসেম্বর থেকে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার ১৭তম বোমাং রাজা উ চ প্রু চৌধুরী এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজপুণ্যাহ উৎসব ঘোষণা করেছেন।
এবারে রাজপুণ্যাহ উৎসবে জুম খাজনা (জুমের রাজস্ব) ও মালিকানা ভূমির রাজস্ব এবং আদিবাসীদের প্রথাগত সামাজিক নেতৃত্ব-কার্বারি (পাড়াপ্রধান), হেডম্যান (মৌজাপ্রধান) ও রাজার সম্মানী ভাতা বাড়ানোর ব্যাপারে সরকারের কাছে দাবি পেশ করা হবে বলে রাজদরবারের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
বেলা ১১টায় জেলা শহরের মধ্যমপাড়ার বোমাং রাজদরবারে আয়োজিত সংবাদ সম্মেলনে বোমাং রাজা উ চ প্রু চৌধুরী বলেন, গত বছর তাঁর শারীরিক অসুস্থতা ও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে রাজপুণ্যাহ আয়োজন করা সম্ভব হয়নি। এ জন্য রাজপরিবারের বয়স্কদের সঙ্গে পরামর্শক্রমে এবার ডিসেম্বরে রাজপুণ্যাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, রাজপরিবারের আর্থিক সংকটে রাজপুণ্যাহ আয়োজন কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ জন্য এবার তিন দিনের জন্য আয়োজন করা হবে এবং প্রজারা যদি চান আরও এক দিন বাড়ানো যেতে পারে। রাজপুণ্যাহর প্রথম দিনে রাজা আনুষ্ঠানিকভাবে রাজপুণ্যাহ সভায় বসে জুমিয়া প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করবেন।
জুমচাষি আদিবাসী প্রজাদের কাছ থেকে খাজনা আদায়ের আনুষ্ঠানিকতাকে রাজপুণ্যাহ উৎসব বলা হয়।