১৯ দল-সমর্থিত প্রার্থীর গাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্ষিপ্ত সহিংস ঘটনার মধ্য দিয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। উপজেলার ৬৭টি ভোটকেন্দ্রের মধ্যে কমপক্ষে নয়টিতে গোলযোগের খবর পাওয়া গেছে।

এদিকে সন্ত্রাসীদের হামলায় ১৯-দলীয় জোট-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর গাড়ির চালক ও আরোহীসহ সাতজন আহত হন। ভেঙে দেওয়া হয় তাঁর গাড়ির সামনের ও পেছনের কাচ। এ সময় হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ১১টি ফাঁকা গুলি ছোড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাছনদন্ডী মোহাম্মদিয়া মতিয়র রহমান সিনিয়র মাদ্রাসা ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার হন ১৯-দলীয় জোট-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ও এলডিপি নেতা মো. আবদুল জব্বার। ১০-১২ জন হামলাকারী তাঁর গাড়ি লক্ষ্য করে বৃষ্টির মতো ঢিল ছোড়ে। এতে তাঁর গাড়ির চালক মোহাম্মদ ইসমাইলসহ সাতজন আহত হন।

মো. আবদুল জব্বার বলেন, ‘হামলাকারীরা সরকার-সমর্থক সন্ত্রাসী। আমাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়। তারা আমার দিকে গুলিও ছুড়েছে।’ ভোটকেন্দ্র দখলের উদ্দেশে হামলা হয় বলে প্রিসাইডিং কর্মকর্তা প্রমোদ রঞ্জন বড়ুয়া দাবি করেন।

অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাছান বলেন, ‘হামলার খবর পেয়ে পুলিশ দুদিক থেকে ফাঁকা গুলিবর্ষণ করে দুর্বৃত্তদের সরিয়ে দেয়। প্রার্থীর ওপর কেবল ঢিল ছোড়া হয়েছে এবং তাঁর গাড়িটি ভেঙে দেওয়া হয়। জব্বার সাহেবের দিকে গুলিবর্ষণের অভিযোগ সঠিক নয়।’

দুপুরের দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি কেশোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে একটি ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এ সময় পুলিশ পিস্তলের নয়টি ও ২৯টি রাবার বুলেট ছুড়ে বলে জানান উপপরিদর্শক (এসআই) মো. সোহরাওয়ার্দী। এ ঘটনায় সাইফুল ইসলাম, মোহাম্মদ আমিন ও মিলন নামের তিনজন সামান্য আহত হন। তবে ছিনতাইয়ের চেষ্টাকারী ব্যক্তিকে আটক করা যায়নি।

কেশোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, একজন লোক আচমকা কেন্দ্রে প্রবেশ করে একটি ব্যালট বাক্স নিয়ে টানাহেঁচড়া শুরু করেন। পুলিশ ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এতে ভোট গ্রহণে কোনো অসুবিধা হয়নি। সকাল ১০টার দিকে দোহাজারী ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্রে বুথের সামনে দাঁড়ানো নিয়ে ভোটারদের মধ্যে হট্টগোল হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করলে ভোটাররা পাল্টা ঢিল ছুড়তে থাকে। পরে পুলিশ উচ্ছৃঙ্খল লোকজনকে ছত্রভঙ্গ করতে চারটি ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় আহত রাসেল নামের এক ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়।

এ ছাড়া বাবর আলী, নোমান বেগ ও মিন্টু নামের আরও তিনজন আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টায় পশ্চিম এলাহাবাদ সিনিয়র মাদ্রাসা কেন্দ্র থেকে ১৯-দলীয় জোট-সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেয় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা। এ কারণে সেখানে ৫৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল।

এলাহাবাদ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রিয়াজুল হক প্রথম আলোকে বলেন, ‘অচেনা কিছু লোক কেন্দ্রে প্রবেশ করে আধিপত্য বিস্তারের চেষ্টা চালায়। তিনটি বুথের সিলও তারা গায়েব করে ফেলে। এতে আমরা ভোট গ্রহণ বন্ধ করে প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে ভোটের সব বাক্স এনে রাখি। নিরাপত্তা জোরদারের পর ৫৫ মিনিট পর আবার ভোট নেওয়া শুরু করি।’ নগরপাড়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে কার্যত ভোট প্রতিহত করেছেন স্থানীয় ভোটাররা।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দিদারুল আলমকে শারীরিকভাবে নাজেহাল করে শতাধিক গ্রামবাসী। এরপর তিনি কেন্দ্র ছেড়ে চলে যান। শুক্রবার রাত ১১টার দিকে নতুন প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে পাঠানো হয় হাসান আল মামুনকে। তাঁকেও কেন্দ্র ছেড়ে চলে যেতে হুমকি দেওয়া হয়। এই এলাকার ভোটারদের অভিযোগ, ভোট নেওয়ার জন্য অনুমোদিত কেন্দ্রের নামের সঙ্গে আসল ভোটকেন্দ্রের নামের কোনো মিল নেই। তাই সব পক্ষের লোকজন ঐক্যবদ্ধভাবে ওই কেন্দ্রের ভোট প্রতিহত করার সিদ্ধান্ত নেয়।

সরেজমিনে দেখা যায়, গতকাল বেলা তিনটা পর্যন্ত ওই কেন্দ্রে মাত্র ৪০টি ভোট পড়ে। নারীদের মধ্যে মাত্র একজন ভোট দেন। জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘কেউ না এলেও কেন্দ্রের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। আমরা সেটা নিশ্চিত করেছি।’ সরেজমিনে দেখা যায়, মুরাদাবাদ, কাঞ্চনাবাদ, গাছবাড়িয়া, বণিকপাড়া, হারলা ও দক্ষিণ জোয়ারা কেন্দ্র দখলের চেষ্টা করে উচ্ছৃঙ্খল ব্যক্তিরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব চেষ্টা ব্যর্থ করে দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাছান বলেন, কমপক্ষে নয়টি কেন্দ্রে গোলযোগের চেষ্টা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব চেষ্টা
ব্যর্থ করে দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সহায়তা করেছে।