১৯ দলকে আন্তর্জাতিক জঙ্গিজোট বললেন হাছান মাহমুদ
১৯-দলীয় জোটকে আন্তর্জাতিক জঙ্গিজোট বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় খাজা নাজিমুদ্দিন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু একাডেমি এ আলোচনা সভার আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, ‘বিশ্বের তৃতীয় বৃহত্তম জঙ্গি সংগঠন হিসেবে শিবির আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আর শিবির হচ্ছে জামায়াতের অঙ্গ (প্রকৃতপক্ষে সমর্থিত) সংগঠন। জামায়াত যেহেতু ১৯-দলীয় জোটের অন্যতম শরিক, সুতরাং ১৯-দলীয় জোট এখন আন্তর্জাতিক জঙ্গিজোট হিসেবে আখ্যায়িত হয়েছে।’
বিদেশি দূতাবাসগুলোর প্রতি হুঁশিয়ারি দিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, ‘বিদেশি দূতাবাসের যেসব কর্মকর্তা এইসব জঙ্গি দলগুলোর সঙ্গে সম্পর্ক রাখেন, তাদের প্রতি অনুরোধ, আপনারা তাদের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করুন। তাদের সঙ্গে কোনো বৈঠক করবেন না। আর এসব করলে এ দেশের জনগণ আপনাদের ছাড়বে না।’
হাছান মাহমুদ বলেন, শুধু বিএনপি-জামায়াত নয়, যারাই জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাচন জনপ্রিয়তার মাপকাঠি নয়, উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘উপজেলা একটি স্থানীয় নির্বাচন। এটা কোনো রাজনৈতিক দলের মাপকাঠি নয়। কারণ একই উপজেলায় একই দলের অনেক প্রার্থী থাকেন। আওয়ামী লীগ ও এর বিদ্রোহী প্রার্থীর ভোট যোগ করলে বিএনপির চেয়ে আমরা বেশি উপজেলায় জয়ী হতে পারতাম।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাম্যবাদী দলের নেতা হারুণ চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।