১৯-দলীয় জোট সম্প্রসারিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোট সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) একাংশকে জোটে অন্তর্ভুক্ত করার বিষয়ে জোটের শরিক দলগুলো একমত হয়েছে। পাশাপাশি জোটকে আরও সম্প্রসারিত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

আজ বুধবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ১৯-দলীয় জোটের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠক সূত্রে জানা যায়। এ ব্যাপারে আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে সরকারের বাইরে যেসব দল আছে, সেগুলোকে বিএনপির নেতৃত্বাধীন জোটে নিয়ে আসার বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া হরতালসহ কঠোর কর্মসূচিতে এখনই না যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাব বিলুপ্তির যে দাবি জানিয়েছেন সে দাবির প্রতি জোটের নেতারা সমর্থন জানান। উপস্থিত নেতারা সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শামীম ওসমান পরিবারের পক্ষ নিয়েছেন দাবি করে এর সমালোচনা করেন।