১৯-দলীয় জোটে যাচ্ছে সাম্যবাদী দলের একাংশ
বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)-এর একাংশ বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার নিজেকে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দাবি করে সাঈদ আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করেন। সাক্ষাতের সময় নেতা-কর্মীরা জোটে যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়।
তবে এ ব্যাপারে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রথম আলোকে বলেছেন, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করা নেতা-কর্মীরা দলের কেউ নন। তাঁরা বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি দলীয় নেতা-কর্মীদের এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে সাঈদ আহমেদ বলেছেন, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে দিলীপ বড়ুয়া মহাজোট সরকারের মন্ত্রী হয়েছিলেন। প্রথম থেকেই দলের নেতা-কর্মীরা এর বিরোধিতা করে আসছে। এখন দিলীপ বড়ুয়াকে দল থেকে বহিষ্কার করে তাঁরা জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশের সাম্যবাদী দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল।