১৯-দলীয় জোটের প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় নেতাদের গণসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় উপজেলা পরিষদ নির্বাচনে ১৯-দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন কেন্দ্রীয় নেতারা। গতকাল বৃহস্পতিবার দিনভর জেলার চৌদ্দগ্রাম ও লাকসাম উপজেলায় গণসংযোগ করেন তাঁরা। দলীয় কয়েকজন নেতা-কর্মী জানান, দুই উপজেলায় নির্বাচনী গণসংযোগে আসা প্রতিনিধিদলে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক মনিরুল হক চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি কাজী নাসিমুল হক, জাতীয় পার্টির কুমিল্লা জেলা কমিটির আহ্বায়ক এয়ার আহমেদ, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির রফি উদ্দিন সিদ্দিকী, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি জি এম তাহের পলাশী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাজ্জাদুল কবির ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা।
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদের নেতৃত্বে প্রতিনিধিদলটি বেলা ১১টায় চৌদ্দগ্রামের ধোড়করা, গুণবতী ও আলকরা এলাকায় পথসভা করেন। পরে তাঁরা জগন্নাথদীঘি এলাকায়ও গণসংযোগ করেন। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার ১৯-দলীয় জোটের চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হুদা।
ধোড়করার পথসভায় সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। ৫ জানুয়ারি ভোটারবিহীন প্রহসনের নির্বাচনে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এ অবস্থায় গণতন্ত্র পুনরুদ্ধারে উপজেলা নির্বাচনে ১৯-দলীয় জোটের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপির মনিরুল ইসলাম চৌধুরী বলেন, গত ২৭ ফেব্রুয়ারি লাকসাম উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ কেন্দ্র দখল করেও পরাজয় ঠেকাতে পারেনি।
মনিরুল হক বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে যেভাবে জোটের নেতা-কর্মীরা ভোটকেন্দ্র্র পাহারা দিয়েছিলেন, তেমনি এবারও অবস্থান নেবেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের কোনোভাবেই ভোট ডাকাতি করতে দেবেন না।’
পরে নেতারা লাকসামের ভাবকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান। সেখানে তাঁরা এই উপজেলায় ১৯-দলীয় জোটের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রহমানকে ভোট দেওয়ার আহ্বান জানান।
২৭ ফেব্রুয়ারি লাকসাম উপজেলা পরিষদ নির্বাচন হয়ে গেছে। ওই দিন ভাবকপাড়া ও হামিরাবাগ কেন্দ্র দুটিতে ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়। স্থগিত কেন্দ্র দুটিতে ১০ মার্চ আবার ভোট গ্রহণ হবে। ওই নির্বাচনে ১৯-দলীয় জোটের প্রার্থী ৭৪০ ভোটে এগিয়ে আছেন।
১৫ মার্চ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন। এতে ১৯-দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামরুল হুদা (দোয়াত-কলম), ভাইস চেয়ারম্যান প্রার্থী সাহাব উদ্দিন (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাহেনা বেগম (কলস)।