১৯ দলের প্রার্থী নিয়ে ধূম্রজাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের মাত্র এক দিন বাকি। চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা। এরই মধ্যে ১৯-দলীয় জোটের সমর্থিত প্রার্থী নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল।
কে হচ্ছেন জোট-সমর্থিত প্রার্থী, বিএনপির প্রার্থী কাজী মো. সালাউদ্দীন, নাকি জামায়াতের প্রার্থী মোস্তফা নুর। এ নিয়ে বেশ কয়েক দিন ধরে নেতা-কর্মীদের মধ্যে চলছিল জল্পনাকল্পনা।
গত মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে গণসংযোগ করতে গিয়ে সীতাকুণ্ডে এক পথসভায় সালাউদ্দীনকে ১৯ দলের প্রার্থী ঘোষণা করেন। এ সময় জামায়াতের কোনো নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন না।
এদিকে বিভিন্ন ভোটারের মুঠোফোনে একটি বিশেষ নম্বর থেকে সালাউদ্দীনকে ১৯ দলের প্রার্থী ঘোষণা নিয়ে খুদে বার্তা পাঠানো হচ্ছে। এ নিয়ে জোটের নেতা-কর্মীদের মধ্যে দ্বিধাবিভক্তি দেখা গেছে।
উপজেলা জামায়াতের আমির শফিকুল মাওলা ঘোষণাটির বিরোধিতা করে বলেন, এটি একটি অপপ্রচার। জামায়াতের সঙ্গে আলাপ-আলোচনা না করে প্রার্থী ঘোষণা দিয়েছেন বিএনপির ওই নেতা।