১৯ দিন ধরে পানি সরবরাহ বন্ধ ২৫ হাজার বাসিন্দার দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানির পাম্পের ট্রান্সফরমার বিকল। এ কারণে বরিশাল সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডে ১৯ দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। পানির অভাবে এই ওয়ার্ডের ২৫ হাজার বাসিন্দা চরম দুর্ভোগে পড়েছে।

জানতে চাইলে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম মুরতজা আবেদীন প্রথম আলোকে বলেন, পানির পাম্প ৩০ জুন নষ্ট হয়। সঙ্গে সঙ্গে পানি বিভাগকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়। কিন্তু এত দিনেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিকল্প পানি সরবরাহও করা হচ্ছে না। এ কারণে পানির জন্য ওয়ার্ডের বাসিন্দাদের হাহাকার করতে হচ্ছে। তারা চরম দুর্ভোগে পড়েছে।

গত বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে কাউনিয়া প্রধান সড়কে দেখা হয় সোমের্তবান বেগমের সঙ্গে। তাঁর হাতে দুটি কলসি। তিনি বলেন, পাশের বাড়ির গভীর নলকূপ থেকে খাওয়ার পানি আনতে যাচ্ছেন।

গতকাল সোমবারও একই চিত্র দেখা গেছে। কাউনিয়া প্রধান সড়কের হোটেল জনক-জননীর ব্যবস্থাপক কিষাণ হাজরা বলেন, ‘সিটি করপোরেশনের গাড়ি এসে এই এলাকায় পানি সরবরাহ করতে আমি দেখিনি। তারা কোথায় পানি দিচ্ছে, তা বলতে পারব না।’

মনষা বাড়ি সড়কের বাসিন্দা রাবেয়া বেগম বলেন, ‘পানির পাম্প নষ্ট হওয়ার অজুহাতে ২১ দিন পানি সরবরাহ বন্ধ। পাশের চাপকল থেকে পানি এনে জরুরি কাজ করছি। এভাবে ধার করা পানি দিয়ে চলে? থালাবাসন ও গোসলের জন্য মজা পুকুরের পানি ব্যবহার করতে হচ্ছে।’

একই এলাকার বাসিন্দা সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থী তন্বী আক্তার বলেন, ‘পানির অভাবে ঠিকমতো গোসল হয় না। আমরা তো আর পুকুরে গিয়ে গোসল করতে পারি না। তারপরও মাঝে মাঝে বাধ্য হয়ে পুকুরে যেতে হচ্ছে।’

কাউনিয়া প্রথম গলির বাসিন্দা তিষা আক্তার বলেন, পানির সরবরাহ নেই, বিকল্প ব্যবস্থাও নেই। পাশের বাড়ির গভীর নলকূপেও দিনের বেলা পানি ওঠে না। দুর্গতির আর সীমা নেই।

জানকিসিংহ সড়কের হরিজন পল্লির বাসিন্দা স্বপন লাল বলেন, এত দিন ধরে পানির সমস্যা চলছে। কিন্তু সমাধানে সিটি করপোরেশনের কোনো উদ্যোগ নেই।

মো. সুজা শেখ বলেন, দুই দিন আগে প্রধান সড়কে করপোরেশনের পানির গাড়ি আসতে দেখেছেন। এরপর আর ওই গাড়ি আসতে দেখেননি।

করপোরেশনের পানি বিভাগের গাড়িচালক মো. মনিরুজ্জামান বলেন, ঈদের পর চার দিন ২ নম্বর ওয়ার্ডে পানি সরবরাহ করা হয়েছে। তা ছাড়া গতকাল কাউন্সিলর পানি দিতে বলেন। কিন্তু তেল না থাকায় দুপুরে যাওয়া সম্ভব হয়নি। পরে বিকেল পাঁচটার দিকে পানি সরবরাহ করা হয়।

করপোরেশনের পানি বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী মনিরুল ইসলাম বলেন, ২ নম্বর ওয়ার্ডের কাউনিয়া প্রধান সড়কের ওভারহেড পাম্পের ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। এ কারণে ঈদের পর থেকে পানি সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। ট্রান্সফরমার মেরামত করে পানি সরবরাহ স্বাভাবিক করতে আরও কয়েক দিন সময় লাগবে। তবে চাহিদা অনুযায়ী, প্রতিদিন ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে ওই ওয়ার্ডে পানি সরবরাহ করা হচ্ছে।