১৯ দিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান-রুমা সড়কে পাহাড়ধসের ঘটনার ১৯ দিন পর নিখোঁজ স্কুলছাত্রী সিংমেচিং মারমার লাশ গত শুক্রবার বিকেলে শঙ্খ নদে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। আত্মীয়রা গতকাল শনিবার বান্দরবান সদর হাসপাতালে এসে লাশটি শনাক্ত করেছেন বলে পুলিশ জানিয়েছে।

রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের চেয়ারম্যান থোয়াইচিং মারমা বলেন, শুক্রবার বেলা তিনটার দিকে জেলা শহরের কাছাকাছি স্থানীয় জেলেরা সাইঙ্গ্যামুখ এলাকায় একটি লাশ দেখতে পান। তাঁরা পুলিশকে খবর দিলে রোয়াংছড়ি থানার পুলিশ এসে লাশটি উদ্ধার করে। চেয়ারম্যান বলেন, লাশটি সম্ভবত এত দিন বেতছড়া খালে কোথাও কাদামাটিতে চাপা পড়ে ছিল। শুক্রবার বৃষ্টি হওয়ায় কাদা সরে গেলে এবং ভারী বৃষ্টির পানিতে খাল হয়ে শঙ্খ নদে এসে পড়ে।

নিখোঁজ সিংমেচিং মারমার বড় ভাই চিংখ্যাইউ মারমা জানিয়েছেন, লাশটি দেখে তাঁর বোন হিসেবে চিনতে পেরেছেন। ঠান্ডা কাদামাটির নিচে পড়ে থাকায় পচে গেলেও বেশি বিকৃত হয়নি। সিংমেচিং বান্দরবান জেলা শহরের সাঙ্গু উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত। বড় বোন কলেজছাত্রী সিংমেহ্লা মারমা ও সিংমেচিং বাড়ি যাওয়ার পথে পাহাড়ধসের ঘটনায় নিখোঁজ হয়। ঘটনার দিন সিংমেহ্লার লাশ উদ্ধার করা হয়েছে। তাদের বাড়ি রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের মংশৈপ্রুপাড়ায় এবং তারা মংশৈপ্রু কার্বারির (পাড়াপ্রধান) মেয়ে। 

গত ২৩ জুলাই বান্দরবান-রুমা সড়কে ২৫ কিলোমিটারের দলিয়ানপাড়া এলাকায় পাহাড়ধসে তিন নারীসহ পাঁচজন নিখোঁজ হন। তাঁদের মধ্যে সর্বশেষ সিংমেচিং মারমার লাশ উদ্ধার করা হলো।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর আলী জানিয়েছেন, সিংমেচিং মারমার লাশ শনাক্ত হওয়ার পর আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল জেলা শহরের কেন্দ্রীয় বৌদ্ধ মহাশ্মশানে লাশের কবর দেওয়া হয়েছে বলে বড় ভাই চিংখ্যাইউ জানিয়েছেন।