১৯ দিন পানি নেই, অস্ত্রোপচার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল জেনারেল হাসপাতালের দুটি গভীর নলকূপ নষ্ট থাকায় ১৯ দিন ধরে সেখানে পানি নেই। এ কারণে বন্ধ আছে জরুরি অস্ত্রোপচার। রোগীসহ তাঁদের স্বজনেরা চরম দুর্ভোগে পড়েছেন। বাইরে থেকে পানি এনে কাজ চালাতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, হাসপাতাল এলাকায় বিভিন্ন ওয়ার্ডসহ মোট ১৬টি ভবনে তীব্র পানিসংকট। কোনো ওয়ার্ডেই পানি নেই। রোগীর স্বজনেরা নিজস্ব উদ্যোগে বাইরে থেকে পানি এনে ব্যবহার করছেন।
হাসপাতালে ভর্তি সুমী আক্তার জানান, বাথরুমে পানি না থাকায় বাইরে থেকে পানি এনে ব্যবহার করতে হচ্ছে। ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি রোগীর স্বজন হুমায়ুন কবির বলেন, পাশে একটি অগভীর নলকূপ থেকে পানি এনে ধোয়ামোছার কাজ করতে হচ্ছে। একই অভিযোগ করেন শিউলী বেগম, কহিনূর বেগম, মজিবর রহমানসহ অনেকে।
চিকিৎসক প্রদীপ কর্মকার বলেন, ‘হাসপাতালে পানি না থাকায় জরুরি অস্ত্রোপচারের কাজও বন্ধ রাখতে হয়েছে।’
হাসপাতালের পাম্পচালক জাহাঙ্গীর হোসেন জানান, হাসপাতালে দুটি গভীর নলকূপ আছে। যেখান থেকে পানি মোটরের সাহায্যে ট্যাংকে তুলে পাইপের মাধ্যমে পুরো হাসপাতালে সরবরাহ করা হতো। এর মধ্যে একটি নলকূপ দুই বছর ধরে অকেজো। ক্রমাগত পানি তোলার কারণে অন্য নলকূপটিও ১৯ দিন ধরে নষ্ট। এ কারণে হাসপাতালের স্বাভাবিক পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।
হাসপাতালের কর্মচারী সফিকুল আলম অভিযোগ করেন, এর আগেও একবার সংস্কার করা হয়েছে। ভালোভাবে সংস্কার না হওয়া এবং বিকল্প ব্যবস্থা না থাকায় বারবারই একই সমস্যায় পড়তে হচ্ছে। সংস্কারের পর কিছুক্ষণ পানি উঠলেও আবার বন্ধ হয়ে যায়। জরুরিভিত্তিতে হাসপাতালের জন্য আরও একটি গভীর নলকূপ স্থাপন করা উচিত।
হাসপাতালের গভীর নলকূপ স্থাপনকারী ঠিকাদার মো. রিপন জানান, মার্চ মাসের শুরুর দিকে হাসপাতালের ভালো নলকূপটি অকেজো হয়ে পড়ে। আট-নয় দিন ধরে ওই নলকূপ সংস্কারে কাজ চলছে। কাজ প্রায় শেষের দিকে। পাইপ পরিষ্কার করে দ্রুত পানি সরবরাহ করা সম্ভব হবে।
নলকূপ স্থাপন কাজের সহকারী আল আমিন বলেন, হাসপাতালে যে পরিমাণ পানি দরকার, তা একটি পাম্প দিয়ে সরবরাহ করা সম্ভব নয়। হাসপাতালের জন্য কমপক্ষে আরও একটি পাম্প দরকার।
আবাসিক চিকিৎসা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, বিকল্প ব্যবস্থায় ডায়রিয়া ওয়ার্ড চালিয়ে রাখা সম্ভব হলেও সব ওয়ার্ডে পানি দেওয়া সম্ভব হয়নি। এ কারণে স্বাভাবিক চিকিৎসা ব্যাহত হয়েছে। স্থায়ী সমাধানের জন্য আরও একটি নলকূপ স্থাপনের জন্য আবেদন করা হয়েছে।