১৯ দিনে তিন শিশু অপহূত, দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলায় ১৯ দিনের ব্যবধানে তিন শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে মুক্তিপণ না পেয়ে দুজনকে খুন করেছে অপহরণকারীরা। এতে অভিভাবকেরা শঙ্কিত হয়ে পড়েছেন। এমনকি অনেক বাবা-মা তাঁদের সন্তানদের একা বিদ্যালয়ে ও বাড়ির বাইরে পাঠাতে ভয় পাচ্ছেন।
এসব ঘটনায় থানায় পৃথক তিনটি মামলাও হয়েছে। ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকার অনেকে ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার একটি অপরাধী চক্র শিশু অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে। মুক্তিপণের টাকা না পেলে ওই চক্র অপহূত শিশুদের খুন করছে। গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার সাওইল গ্রামের ইটভাটামালিক বজলুর রহমানের শিশুসন্তান জিসানকে (৭) ইসলামি জলসা থেকে কৌশলে অপহরণ করে অপহরণকারীরা। পরে তারা ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবি করা টাকা দিতে না পারায় তারা জিসানকে খুন করে। অপহরণের পাঁচ দিন পর ৩ জানুয়ারি জিসানের লাশ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়।
২৯ ডিসেম্বর সকালে বড় আখিড়া গ্রামের মালয়েশিয়াপ্রবাসী সেলিম দেওয়ানের ছেলে সান্তাহার কওমি মাদ্রাসার ছাত্র ইউসুফ আলী (১১) অপহূত হয়। পরে ইউসুফের পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে না পারায় অপহরণকারীরা ইউসুফকে ওই দিন রাতে ছুরিকাঘাত করে কয়াকুঞ্চি এলাকায় ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় ইউসুফের মা রত্না বেগম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় একটি মামলা করেন। পরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
এসব ঘটনার রেশ কাটতে না কাটতেই ১৬ জানুয়ারি উপজেলার কালাইকুড়ি গ্রামের ছায়ফুল ইসলামের ছেলে স্বাধীনকে (৫) তার (স্বাধীন) মামাতো ভাই আহসান হাবিব অপহরণ করে। পরে স্বাধীনকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে একটি ঘরে ফেলে রাখা হয়। পুলিশ ওই দিন রাতে স্বাধীনের লাশ উদ্ধার এবং আহসান হাবিবকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আহসানকে আসামি করে ছায়ফুল একটি হত্যা মামলা দায়ের করেন। আহসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক জহুরুল ইসলাম জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সহজেই মুক্তিপণের টাকা পেতে অপহরণকারীরা সাধারণত প্রবাসী ও বিত্তবান পরিবারের সন্তানদের অপহরণ করছে। তবে শিশুদের অপহরণ ও খুনের ঘটনার পর এলাকার অভিভাবকেরা বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকে তাঁদের সন্তানদের স্কুলে ও বাসার বাইরে একা পাঠাতে ভয় পাচ্ছেন।
উপজেলার মৎস্য হ্যাচারি সমিতির সভাপতি আবদুল মহিত তালুকদার জানান, একের পর এক অপহরণ ও শিশু হত্যার ঘটনা অভিভাবকদের আতঙ্কিত করে তুলেছে। এসব অপরাধ রোধে পুলিশের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ইতিমধ্যে কয়েকজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এলাকাবাসীর সহযোগিতা পেলে অচিরেই ওই চক্রের সব অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হবে।