১৯ দিনেও তদন্তের অগ্রগতি নেই!

পুলিশ, র্যা বসহ দেশের বিভিন্ন বাহিনীর গোয়েন্দা সংস্থা রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যার ঘটনা তদন্তে যোগ দিলেও এখন পর্যন্ত মামলাটির খুব বেশি অগ্রগতির কথা শোনা যায়নি। কোনো সংস্থাই হত্যাকারীদের শনাক্ত করার দাবি করেনি।
হত্যাকাণ্ডের পর থেকেই তদন্ত কর্মকর্তারা রাজনৈতিক কারণকে প্রাধান্য দিয়ে তদন্ত এগিয়ে নেওয়ার কথা জানিয়েছিলেন। গত ১৯ দিনের তদন্তে হত্যায় সরাসরি যুক্ত কাউকে শনাক্ত করা হলো কি না, সে বিষয়ে তদন্ত সংস্থাগুলোর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। গত ২৮ সেপ্টেম্বর রাজধানীতে খুন হন ইতালির নাগরিক সিজার তাবেলা। যদিও তাবেলা হত্যা মামলা তদন্তের শেষ ধাপে রয়েছে বলে দাবি করেছে তদন্ত সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রংপুর শহরের উপকণ্ঠে কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে ৩ অক্টোবর জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। এই গ্রামে দুই একর জমি চুক্তিতে নিয়ে ঘাসের খামার করেছিলেন কুনিও।
ওই ঘটনায় প্রত্যক্ষদর্শী, কুনিও হোশির ব্যবসায়িক সহযোগী ও বিভিন্নভাবে সম্পর্কিত অন্তত ২০ জনকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ও অন্যান্য সংস্থা। তাঁদের অনেকেই এখনো পুলিশি হেফাজতেই রয়েছেন। কিন্তু তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কোনো আসামিকে শনাক্ত করার কথা এখন পর্যন্ত জানানো হয়নি।
কাউনিয়া থানার পুলিশ জানায়, কুনিও হত্যা মামলায় এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আসামি করা হয়েছে। এই দুজনের মধ্যে কুনিওর ব্যবসায়িক সহযোগী হুমায়ুন ৫ অক্টোবর থেকে ১০ দিনের রিমান্ডে ছিলেন। ১৪ অক্টোবর পুনরায় আবেদন করে দ্বিতীয়বারের মতো পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর তাঁকে অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত সোমবার সন্ধ্যার পর কোতোয়ালি থানার পুলিশ তৃতীয়বারের মতো রিমান্ডে নিয়েছে। অপরজন রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান ওরফে বিপ্লবকেও ৫ অক্টোবর ১০ দিনের রিমান্ডে নেওয়া হলেও ১০ অক্টোবর তাঁর রিমান্ড বাতিল করে কারাগারে পাঠানো হয়।