১৯ দিনের সন্তানকে গলা কেটে হত্যা করলেন মা!
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার দক্ষিণ হরিপুর এলাকা থেকে ১৯ দিন বয়সী একটি ছেলেশিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল নয়টায় শিশুটির বাবা নাঙ্গলকোট পল্লী বিদ্যুৎ সমিতির নিরাপত্তাপ্রহরী মোসলেম উদ্দিনের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটিকে হত্যার অভিযোগে তার মা তাসলিমা আক্তারকে (২৮) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।গত শনিবার গভীর রাতে নাঙ্গলকোট পৌরসভার দক্ষিণ হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মোসলেম উদ্দিন বলেন, ‘চান্দিনায় গ্রামের বাড়ি থেকে গত শুক্রবার সন্ধ্যায় স্ত্রী, নবজাতক ছেলেশিশু ও দুই মেয়েকে নিয়ে পৌর এলাকার বাসায় ফিরে আসি। শনিবার রাতের খাবার খেয়ে কাজে যাই। সকালে প্রতিবেশীদের কাছ থেকে খবর পাই, আমার ছেলেশিশুকে হত্যা করা হয়েছে। এরপর বাসায় এসে দেখি, মেঝেতে শিশুটির রক্তমাখা দেহ পড়ে আছে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং আমার স্ত্রীকে গ্রেপ্তার করে। আমার স্ত্রী মানসিক ভারসাম্যহীন। ছেলেকে হত্যা করার পর তাসলিমাও আত্মহত্যা করতে চেয়েছিল। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে।’ এই দম্পত্তির সাত বছর বয়সী মেহজাবিন ইসলাম ও দুই বছর বয়সী তৈয়বা ইসলাম নামের দুই কন্যাসন্তান রয়েছে।বাড়ির মালিক আবু বকর জানান, ‘সাত মাস ধরে মোসলেম উদ্দিন পরিবার নিয়ে আমার বাসায় ভাড়া থাকছেন। ২০ দিন আগে তিনি সন্তানসম্ভবা স্ত্রীকে সন্তান প্রসবের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে সন্তান প্রসবের পর তাঁরা চান্দিনায় গ্রামের বাড়িতে যান। এরপর শুক্রবার সন্ধ্যায় মোসলেম উদ্দিন তাঁর স্ত্রী, নবজাতক সন্তান ও মেয়েদের নিয়ে বাসায় ওঠেন। ভোরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পাই, তাসলিমা তাঁর শিশুসন্তানকে দা দিয়ে গলা কেটে হত্যা করেছেন। আমরা তাসলিমাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, “আমার ওপর জিন সওয়ার হয়েছে। তাই শিশুসন্তানকে হত্যা করেছি।”’নাঙ্গলকোট পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম মোমিনুল ইসলাম জানান, মোসলেম উদ্দিন তাঁর মানসিক ভারসাম্যহীন স্ত্রীর চিকিৎসার কথা বলে একাধিকবার ছুটি নিয়েছেন।নাঙ্গলকোট থানার ওসি স্বপন কুমার নাথ বলেন, তাসলিমা নিজ হাতে শিশুটিকে দা দিয়ে গলা কেটে হত্যা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মোসলেম উদ্দিন বাদী হয়ে ওই মামলা করেন।