ওজন মাপার ডিজিটাল যন্ত্রের সনদ সংরক্ষণ না করা, মেট্রিক পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতিতে পণ্য বিক্রিসহ ওজন পরিমাপ-সম্পর্কিত আইনের কয়েকটি ধারা লঙ্ঘন করায় চট্টগ্রামে ১৯টি দোকানের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) দুই কর্মকর্তা।
বিএসটিআই চট্টগ্রামের পরিচালক মো. সাইদুল ইসলাম বলেন, নগরের বহদ্দারহাট, বাদুরতলা, চকবাজার, কাপাসগোলা ও চট্টেশ্বরী রোডে বেশ কিছু দোকানে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে সোনার গহনার দোকান, বেকারি, ফলের দোকান, ডিপার্টমেন্টাল স্টোরসহ ১৯টি দোকান ওজন ও পরিমাপে আইন লঙ্ঘন করায় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিএসটিআই সূত্র জানায়, বহদ্দারহাটের মেসার্স জে আর জুয়েলার্স, মেসার্স আরজু ট্রেডার্স, মেসার্স হাজি শুক্কুর সওদাগর, মেসার্স জান্নাত বেকারি অ্যান্ড সুইটস, মেসার্স আল আমিন স্টোর, মেসার্স যমুনা স্টোর, মেসার্স আল হাসান বেকারি, বাবুল আহম্মেদের ফলের দোকান, মো. আরিফের ফলের দোকান, মেসার্স শাহ মনোহর বাণিজ্যালয়, শাহ আমানত এন্টারপ্রাইজ, মেসার্স নিউ চট্টল জুয়েলার্স, চট্টেশ্বরীর মেসার্স মডার্ন শিমলা জুয়েলার্স, মেসার্স গ্রামীণ জুয়েলার্স, মেসার্স বনফুল অ্যান্ড কোং, বাদুরতলার মেসার্স নিউ বলাকা জুয়েলার্স, চকবাজার এলাকার মেসার্স নিউ এম কে জুয়েলার্স, কাপাসগোলার তাসমীম জুয়েলার্স এবং মেসার্স মাতৃ জুয়েলার্সের বিরুদ্ধে মামলা করা হয়েছে।