১৯ নভেম্বর থেকে ভারতে যাওয়া শুরু ৪৮ পরিবারের
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর অভিবাসন (চেকপোস্ট) সীমান্ত হয়ে ১৯ নভেম্বর থেকে ভারতে যাওয়া শুরু করবে সদ্যবিলুপ্ত সাতটি ছিটমহলের ৪৮ পরিবার। এ পরিবারগুলোর সদস্যরা ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন।
ওই সব পরিবারের ১৯৭ সদস্য বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবেন। এরপর তাঁদের ভারতের কোচবিহার জেলার মেকলিগঞ্জ মহকুমার সদর থানা এলাকার ক্যাম্পে নেওয়া হবে। এসব মানুষের ভারতে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জেলা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার সদ্যবিলুপ্ত ৫৯টি ছিটমহলের মধ্যে লালমনিরহাট সদর উপজেলায় দুটি, পাটগ্রামে ৫৫টি ও হাতীবান্ধায় দুটি ছিল। এসব ছিটমহলে ১০ হাজার ৩৭৬ জন অধিবাসী আছেন। এর মধ্যে শুধু পাটগ্রামেই আছেন ৮ হাজার ৪৫২ জন। এর মধ্যে পাটগ্রামের পাঁচটি ছিটমহলের ১৩৩ জন এবং হাতীবান্ধার দুটি ছিটমহল থেকে ৬৪ জন ভারতে যাচ্ছেন। এদিকে ৫৯ ছিটমহলের মধ্যে ১৯টিতে কোনো জনবসতি নেই। বাকি ৪২টি ছিটমহল থেকে ১৯৭ জন ভারতীয় নাগরিকত্ব নিতে আবেদন করেন।
গতকাল মঙ্গলবার সরেজমিনে ১১৯ বাঁশকাটা ও গোতামারী ছিটমহলের কয়েক পরিবারের সঙ্গে কথা হয়। ১৩৫-১৩৬ গোতামারী ছিটমহলের কানন বালা বলেন, ‘বাংলাদেশে দুই মেয়ে-জামাই ও নাতি-নাতনি রেখে যাচ্ছি। খুব কষ্ট লাগছে।’
এ ছিটমহলের আরেক বাসিন্দা ববিতা রানির বাবার বাড়ি বাংলাদেশে। কিন্তু তাঁর বিয়ে হয়েছে ছিটমহলের বাসিন্দা তপন কুমারের সঙ্গে। স্বামীর সঙ্গে তিনিও ভারতে চলে যাবেন। তিনি বলেন, এ দেশে থাকা আত্মীয়স্বজনদের জন্য কষ্ট হচ্ছে।
১১৯ বাঁশকাটা বসটারী গ্রামের অশ্বিনী কুমার বর্মণ তাঁর পরিবারের পাঁচ সদস্যসহ ভারতে যাচ্ছেন। তিনি বলেন, ‘আমরা যেহেতু ভারতের নাগরিক, তাই ওই পারেই চলে যাচ্ছি।’
৯ নভেম্বর প্রথম দফায় পাটগ্রামের সদ্যবিলুপ্ত ১১৪ লতামারীর এক পরিবারের তিন সদস্য এবং হাতীবান্ধা উপজেলার ১৩৫ (১-২) উত্তর গোতামারী ও ১৩৬ গোতামারী ছিটমহলের ১৭টি পরিবারের ৬৪ জন ভারতে প্রবেশ করবেন। ২৩ নভেম্বর শেষ দফায় পাটগ্রামের দুটি ইউনিয়নের ভেতরে থাকা সদ্যবিলুপ্ত ১১২, ১১৫ ও ১১৯ বাঁশকাটা, ১১৫ খড়খড়িয়া ছিটমহলের ৩০ পরিবারের ১৩০ জন নারী-পুরুষ ও শিশু ভারতে যাবেন। পরিবারগুলোকে ৩০ নভেম্বরের মধ্যে ভারতে পৌঁছাতে হবে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম বলেন, সব প্রস্তুতি সম্পন্ন। ১৯ নভেম্বর থেকে সদ্যবিলুপ্ত সাতটি ছিটমহলের নাগরিকেরা বুড়িমারী স্থলবন্দরের মাধ্যমে ভারতে প্রবেশ করতে শুরু করবেন। তবে প্রথম দিনে এ উপজেলার একটি পরিবার ভারতে যাবে।
হাতীবান্ধার ইউএনও মাহবুবুর রহমান বলেন, এ উপজেলার দুটি ছিটহলের ১৭টি পরিবারের ৬৪ জন প্রথম দিন ভারতে প্রবেশ করবেন।