১৯ নারী কাউন্সিলরের মধ্যে ১২ জনই গৃহিণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী ১৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলরের মধ্যে ১২ জনের পেশাই গৃহিণী। এ ছাড়া তিনজন স্কুলশিক্ষক, দুজন ব্যবসায়ী ও দুজন আইনজীবীও রয়েছেন।
সংরক্ষিত কাউন্সিলরদের মধ্যে ১১ জনই স্কুলের গণ্ডি পার হতে পারেননি। দুজন এলএলবি ও দুজন স্নাতকোত্তর পাস করেছেন।
নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে শুধু সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে (সাধারণ ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) পারভীন আক্তারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা রয়েছে। এ ছাড়া অন্য কাউন্সিলরদের বিরুদ্ধে কোনো মামলা নেই। নবনির্বাচিত সংরক্ষিত কাউন্সিলরদের হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
গাজীপুরের ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থের লেখক ফরিদ আহাম্মেদ বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনে নারীর ক্ষমতায়নের জন্য তাঁদের (সংরক্ষিত কাউন্সিলর) প্রয়োজন রয়েছে। গৃহিণী থেকে এখানে আসায় তাঁরা ভালো করবেন। অন্য কোনো পেশায় নিয়োজিত থাকলে তাঁদের মনোযোগ সেদিকে থাকত।’
ভাওয়াল বদরে আলম কলেজের সাবেক অধ্যক্ষ আয়েশ উদ্দিন বলেন, ‘নারীদের উন্নয়নে তাঁদের কাজ করে যেতে হবে। নারীরা যাতে কোথাও অবহেলিত না হন, সেদিকে নজর রাখতে হবে।’
গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি সাধারণ ওয়ার্ডকে ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। এতে ১২৮ জন সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থীর মধ্যে বিজয়ী হয়েছেন ১৯ জন নারী।
শিক্ষাগত যোগ্যতা: সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে জয়ী পারভীন আক্তার (ফুটবল) ও ১২ নম্বর ওয়ার্ডের রীনা আক্তারের (টিয়া পাখি) কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। ৫ নম্বর ওয়ার্ডের বকুল আক্তার (ফুটবল), ৬ নম্বর ওয়ার্ডের আমেনা খাতুন (বালতি) ও ৯ নম্বর ওয়ার্ডের খন্দকার নূরুন্নাহার (হরিণ) স্বশিক্ষিত বলে হলফনামায় উল্লেখ করেছেন। ৭ নম্বর ওয়ার্ডের পারভীন আক্তার (হরিণ) ও ১৬ নম্বর ওয়ার্ডের মমতাজ বেগম (টিয়া পাখি) স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। এ ছাড়া ৩ নম্বর ওয়ার্ডের শিরিন চাকলাদার (ফুটবল), ৪ ওয়ার্ডের শাহনাজ পারভীন (উড়োজাহাজ), ১৫ নম্বর ওয়ার্ডের সাহেরা আক্তার (টিয়া পাখি) ও ১৯ নম্বর ওয়ার্ডের রাখি সরকার (ফুটবল) অষ্টম শ্রেণী পাস করেছেন। ১১ নম্বর ওয়ার্ডের সালেমা খাতুন (উড়োজাহাজ) দশম শ্রেণী, ২ নম্বর ওয়ার্ডের মাহমুদা আলম (সেলাই মেশিন) ও ১৮ নম্বর ওয়ার্ডের কেয়া শারমিন (হরিণ) উচ্চমাধ্যমিক, ১৭ নম্বর ওয়ার্ডের নাসরিন আক্তার (সেলাই মেশিন) স্নাতক পাস। ১৩ নম্বর ওয়ার্ডের শিরিন আক্তার (ফুটবল) অর্থনীতি ও ১৪ নম্বর ওয়ার্ডের হোসনে আরা সিদ্দিকা (হরিণ) সরকার ও রাজনীতি বিভাগে স্নাতকোত্তর পাস করেছেন। ৮ নম্বর ওয়ার্ডের আঞ্জুমানারা ও ১০ নম্বর ওয়ার্ডের আয়েশা আক্তার এলএলবি পাস করেছেন।
পেশা: আঞ্জুমানারা ও আয়েশা আক্তার পেশায় আইনজীবী। হোসনে আরা সিদ্দিকা পুবাইলের কুদাব এলাকার মাতৃকোল প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। নাসরিন আক্তার টঙ্গীর গাজীপুরা এলাকার কাজী আবু তালেব মডেল একাডেমির প্রধান শিক্ষক। কেয়া শারমিন টঙ্গী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। শিরিন চাকলাদার বিউটি পারলারের ব্যবসায়ী ও সাহেরা আক্তার ক্ষুদ্র ব্যবসা/বিভিন্ন মালামালের বিক্রেতা।
এ ছাড়া অন্য ১২ জন তাঁদের পেশা গৃহিণী বলে হলফনামায় লিখেছেন।
সংশোধনী: গতকাল প্রথম আলোর ৫-এর পাতায় ‘৪৭ কাউন্সিলরই ব্যবসায়ী’ শিরোনামে প্রকাশিত সংবাদে গাজীপুর সিটি করপোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলর হেলালউদ্দিন পাঁচটি ফৌজদারি মামলার আসামি বলে ছাপা হয়েছে। আসলে তাঁর বিরুদ্ধে একটি মামলাও নেই। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা দুঃখিত।