১৯ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু উপজেলায় ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য আছে। এসব বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তাঁদের প্রশাসনিক কাজে ব্যস্ত থাকতে হয়। এ কারণে পাঠদান ব্যাহত হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে ১৯টি বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। এসব বিদ্যালয়ের মধ্যে কয়েকটি বিদ্যালয়ে তিনজন শিক্ষকও রয়েছেন। তাঁদের মধ্যে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তাঁকে প্রশাসনিক কাজ নিয়ে ছোটাছুটি করতে হয়। অন্য দুই শিক্ষক সব শ্রেণির পাঠদান করে কুলিয়ে উঠতে পারেন না। এ কারণে পাঠদান ব্যাহত হয়।

কল্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনজন শিক্ষকের একজন ওমর জাকারিয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। মুঠোফোনে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, আগের মতো প্রাথমিক বিদ্যালয় নেই। সারাক্ষণই এই তথ্য ওই তথ্য দিতে হয়। এ কারণে পাঠদানে সমস্যা হচ্ছে।     

বীরকেদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারজন শিক্ষক কর্মরত আছেন। গত এপ্রিল থেকে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। জ্যেষ্ঠ সহকারী শিক্ষক আফরিন সুলতানা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির মনিকা খাতুন, আতিকুর রহমানসহ কয়েকজন শিক্ষার্থী জানিয়েছে, আগে পড়ালেখা ভালো হতো। প্রধান শিক্ষক চলে যাওয়ার পর থেকে নিয়মিত ক্লাস হয় না। সামনে সমাপনী পরীক্ষার প্রস্তুতির ক্লাসও ভালো হচ্ছে না। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জহুরুল ইসলাম বলেন, প্রধান শিক্ষকের পদে শিক্ষক দেওয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম সারওয়ার জাহান বলেন, বেশ কয়েকটি বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদোন্নতির জন্য আবেদন জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে। খুব শিগগির শূন্য পদে প্রধান শিক্ষকদের দেওয়া হবে।