কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, নাঙ্গলকোট, হোমনা, চৌদ্দগ্রাম ও তিতাস উপজেলার ১৯ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে ৫৮টি মামলা রয়েছে। এর মধ্যে নয়জন চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে বর্তমানে ১৬টি মামলা, নয়জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ৪১টি মামলা ও এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে।
খুন, নারী নির্যাতন, চুরি, প্রতারণা, চেক জালিয়াতি, সরকারি কাজে বাধা, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ওই সব মামলা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলামের কাছে দাখিল করা হলফনামার ২(খ) ও ৩(খ) অংশে প্রার্থীরা মামলার ওই বিবরণ উল্লেখ করেছেন। ১৫ মার্চ জেলার ছয় উপজেলায় ভোট গ্রহণ হবে।
বুড়িচং: এ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সারওয়ার আলম ওরফে পলাশ হত্যা মামলার ১ নম্বর আসামি। ২০১২ সালের ৪ ডিসেম্বর নিহত ছাত্রলীগ নেতার মা আমির চান বেগম ওই মামলা করেন। জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দীর্ঘ ১৪ মাস তদন্ত করে আমাকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেয়। পরে বাদীপক্ষ এটা নিয়ে নারাজি দেয়। এখন আদালত শুনানি করবেন। শুধু রাজনৈতিক কারণে আমাকে হয়রানি করা হচ্ছে।’
এদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী বুড়িচং উপজেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি মো. মতিউর রহমান খান ওরফে রুমেলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। ভাইস চেয়ারম্যান পদে বুড়িচং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিনের বিরুদ্ধে নাশকতা ও ভাঙচুরের চারটি মামলা আছে। ওই পদে উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. সোহাগ মিয়া বুড়িচং থানায় দ্রুত বিচার আইনের একটি মামলার আসামি। বুড়িচং উপজেলা জামায়াত-সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলামের বিরুদ্ধে নাশকতা ও ভাঙচুরের পাঁচটি মামলা রয়েছে।
ব্রাহ্মণপাড়া: এখানে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম ইদ্রিসের বিরুদ্ধে হত্যাচেষ্টার দুটি মামলা রয়েছে। ভাইস চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান খানের বিরুদ্ধে জখম, চুরি ও নারী নির্যাতনের তিনটি মামলা বিচারাধীন।
নাঙ্গলকোট: এ উপজেলা পরিষদের বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. নজির আহম্মদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে একটি মামলা রয়েছে। বিএনপির ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহান মজুমদারের বিরুদ্ধে চাঁদাবাজি ও চেক জালিয়াতির দুটি মামলা আছে। ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে খুনের একটি মামলা রয়েছে। ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে। ভাইস চেয়ারম্যান প্রার্থী এস এম মহিউদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, বিস্ফোরক আইন ও সরকারি কাজে বাধার চারটি মামলা বিচারাধীন।
হোমনা: এখানে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. আজিজুর রহমান মোল্লার বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে ও আইনশৃঙ্খলা বিঘ্নিত করার দুটি মামলা রয়েছে।
চৌদ্দগ্রাম: এই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস ছোবহান ভূঁইয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে চারটি এবং অভিবাসন অধ্যাদেশের অধীনে একটি মামলা আছে। বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. কামরুল হুদার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারায় মামলা রয়েছে। ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মো. সাহাব উদ্দিন ১৯টি মামলার আসামি। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাশেদা আখতারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা রয়েছে।
তিতাস: এ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. পারভেজ হোসেন সরকারের বিরুদ্ধে বর্তমানে একটি মামলা বিচারাধীন। আরেক চেয়ারম্যান প্রার্থী মো. সালাউদ্দিন সরকারের বিরুদ্ধে হত্যার অভিযোগে একটি মামলা রয়েছে।
জানতে চাইলে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কুমিল্লার সভাপতি নাজমুল আলম চৌধুরী বলেন, ‘যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে তাঁরা যদি সত্যিকার অর্থে অপরাধমূলক কাজ করে থাকেন এবং অপরাধী মানসিকতাসম্পন্ন হয়ে থাকেন, অবশ্যই ভোটাররা তাঁদের সানন্দচিত্তে প্রত্যাখ্যান করবে।’
জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, ‘ভোটাররা সৎ, সজ্জন, শিক্ষিত ও পরীক্ষিত প্রার্থীদেরই ভোট দেবেন। যাঁদের বিরুদ্ধে প্রকৃত অর্থেই অভিযোগ রয়েছে, তাঁদের ব্যাপারে জনগণ নিজেরাই সিদ্ধান্ত নেবেন।’