১৯ ফেব্রুয়ারি টাঙ্গাইল উপনির্বাচনের প্রার্থী ঠিক করবে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ ফেব্রুয়ারি টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) উপনির্বাচনে মনোনয়ন চূড়ান্ত করবে বাংলাদেশ আওয়ামী লীগ। এ ছাড়া ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।


আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এ তথ্য জানান। এর আগে জাতীয় সংসদে দলটির সংসদীয় সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়নপ্রত্যাশীদের নির্ধারিত ২৫ হাজার টাকার ফি দিয়ে জমা দিয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। পরে ১৯ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে মনোনয়নপত্র সংগ্রহকারীদের সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচন আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ২৬ ফেব্রুয়ারি এবং ৬ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এর আগে গত ২০ জানুয়ারি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাংসদ শওকত মোমেন শাহজাহান মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়।