১৯ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক হাঁটা দিবস' স্বীকৃতির দাবি

সুস্থ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে ১৯ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক হাঁটা দিবস’ স্বীকৃতির দাবিতে শোভাযাত্রা করেছে ‘হেল্প ফর ইউ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির সভাপতি জান্নাতুল মাওয়া বলেন, ‘বাঙালিরা অলস তা আমি মনে করি না। এ কারণে আমি ২০১৪ সালে ১১ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত নয় দিনে কলকাতা প্রেসক্লাব থেকে হেঁটে ঢাকা প্রেসক্লাব এসেছি। এ দিনগুলোতে তিনবার নদীপথ পার হতে হয়েছে।’
জান্নাতুল মাওয়া মানুষকে হাঁটার প্রতি আগ্রহী করে তুলতে স্কুলের শিক্ষার্থীদের দিয়ে দেশের সব কটি জেলায় ম্যারাথনের আয়োজন করতে চান। এ ছাড়া হাঁটাকে সবার কাছে জনপ্রিয় করতে ১৯ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক হাঁটা দিবস হিসেবে স্বীকৃতির জন্য জাতিসংঘের কাছে প্রস্তাব দেওয়ার কথাও তিনি বলেন। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে দেশের সমাজকল্যাণ মন্ত্রণালয়ে জমা দিয়েছেন বলেও জানান তিনি।
জান্নাতুল মাওয়া জানান, ১৯ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ‘হেল্প ফর ইউ’ স্বাক্ষর সংগ্রহ করছে। এ ছাড়া গত দুই বছরে ঢাকা, চাঁদপুর ও নড়াইলের কয়েকটি স্কুলে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের হাঁটার জন্য কয়েকজন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে।
‘হেল্প ফর ইউ’ সংগঠনের শোভাযাত্রায় আরও অংশ নেন সৈয়দ বজলুল করিম, সৈয়দ মাহবুবুর রহমান, সাংবাদিক জাকির হোসেন প্রমুখ।