একাডেমিক স্বীকৃতি ও পাঠদানের অনুমতি ছাড়াই বান্দরবানের আলীকদম উপজাতীয় আবাসিক বিদ্যালয়ে ১৯ বছর ধরে শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে। এ কারণে ছাত্রছাত্রীরা অন্য বিদ্যালয় থেকে এসএসসি এবং জুনিয়র স্কুল পরীক্ষায় (জেএসই) অংশ নিতে বাধ্য হচ্ছে। আর একটি মহল বিদ্যালয়ের নাম থেকে উপজাতীয় শব্দটি বাদ দিয়ে ‘আলীকদম আবাসিক বিদ্যালয়’ হিসেবে নামকরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের (আইসিডিপি) আওতায় ১৯৯১ সালে ১৪০ জন ছাত্রছাত্রীর আবাসিক ব্যবস্থাসহ আলীকদম উপজাতীয় আবাসিক বিদ্যালয় যাত্রা শুরু করে। লামা ও আলীকদম উপজেলার মধ্যবর্তী এলাকায় প্রায় ১০ একর জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। মূলত আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম এলাকার অনগ্রসর আদিবাসী ছেলেমেয়েদের শিক্ষাসুবিধার জন্য বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। সূত্র জানায়, বিদ্যালয়টি ১৯৯১ সালে প্রথম শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তি শুরু করে। পরবর্তী সময়ে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে এটিকে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়। ২০০২ সালে প্রথম এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু কর্তৃপক্ষের উদ্যোগের অভাবে এখন পর্যন্ত বিদ্যালয়টি একাডেমিক স্বীকৃতি লাভ করতে পারেনি। এমনকি বিদ্যালয়টি ১৯ বছরেও শিক্ষাবোর্ড থেকে পাঠদানের কোনো অনুমতি নিতে পারেনি।নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট অনেকে বলেছেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রুহুল আমিনের নেতৃত্বে একটি মহল বিদ্যালয়ের নাম থেকে উপজাতীয় শব্দটি কৌশলে কেটে দিয়েছে। ২০০৬ সালে বিদ্যালয়ের ভূমি দলিল করার সময় এবং একাডেমিক স্বীকৃতির আবেদনসহ সব কাগজপত্রে তারা বিদ্যালয়ের নাম থেকে আদিবাসী শব্দটি বাদ দিয়ে শুধু ‘আলীকদম আবাসিক বিদ্যালয়’ করে দিয়েছে। একই সঙ্গে মহলটি অ-উপজাতীয় ছেলেমেয়েদেরও অনাবাসিক হিসেবে বিদ্যালয়ে ভর্তির সুযোগ দিয়েছে। তবে সাবেক প্রধান শিক্ষক রুহুল আমিন বিদ্যালয়ের নাম পরিবর্তনের অভিযোগ অস্বীকার করে জানান, তিনি বিদ্যালয়ে যোগদানের সময়ও বিদ্যালয়ের নামের সঙ্গে উপজাতীয় শব্দটি ছিল না। কে বা কারা এটি করেছে তিনি এ ব্যাপারে কিছু জানেন না দাবি করে বলেন, একাডেমিক স্বীকৃতির স্বার্থে অ-উপজাতীয় শিক্ষার্থীদের অনাবাসিক হিসেবে ভর্তি করা হয়েছে।বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মংচিং থোয়াই মারমা বলে, এখানে মানবিক বিভাগ ছাড়া কোনো বিভাগ না থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও তারা বিজ্ঞান ও ব্যবসায়শিক্ষা পড়তে পারছে না।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পিন্টু লাল বড়ুয়া বলেন, আগে যাঁরা দায়িত্বে ছিলেন তাঁদের অবহেলার কারণে বিদ্যালয়টি এতদিন একাডেমিক স্বীকৃতি পায়নি। এ কারণে এসএসসি ও জেএসই পরীক্ষায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্য বিদ্যালয় থেকে পরীক্ষা দিতে হচ্ছে। তবে বিদ্যালয়ের পাঠদানের অনুমতি ও একাডেমিক স্বীকৃতির বিষয়টি শিক্ষা বোর্ডে প্রক্রিয়াধীন। বিদ্যালয়ের নাম আলীকদম উপজাতীয় আবাসিক বিদ্যালয় হিসেবে সংশোধনের উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।আইসিডিপির প্রকল্প পরিচালক তপন কান্তি বোস বলেন, আলীকদম উপজাতীয় আবাসিক বিদ্যালয় থেকে উপজাতীয় শব্দটি বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে নাম সংশোধন করা হবে উল্লেখ করে তিনি বলেন, একাডেমিক স্বীকৃতি লাভের ব্যাপারে তিনি দ্রুত কাজ করার জন্য প্রধান শিক্ষককে বলেছেন।