১৯ বছর পর নির্বাচন, আওয়ামীপন্থী একাংশের প্যানেল সংখ্যাগরিষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে আওয়ামী লীগপন্থী একাংশের প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত হলো এই নির্বাচন।

ভোট গণনা শেষে উপাচার্যের অনুমোদনক্রমে গতকাল রোববার ভোর পাঁচটায় রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক সাময়িক ফল ঘোষণা করেন।

নির্বাচনে ২৫টি আসনের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল জোট ১৮টি আসন লাভ করেছে। একটিমাত্র আসন পেয়েছে আওয়ামীপন্থীদের অপর প্যানেল বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল গ্র্যাজুয়েট মঞ্চ। বিএনিপপন্থী গ্র্যাজুয়েটদের জাতীয়তাবাদী প্যানেল পেয়েছে ৬টি আসন। নির্বাচনে অংশ নেওয়া ৪৪ জন স্বতন্ত্র প্রার্থীর কেউই কোনো আসন পাননি।

বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল জোট প্যানেলের কে এইচ মাহিদ উদ্দিন ২ হাজার ১৪৪ ভোট, মো. কায়কোবাদ হোসাইন ১ হাজার ৮৭৩, শরীফ এনামুল কবির ১ হাজার ৬৮৫, মোহাম্মদ আলমগীর কবীর ১ হাজার ৪৫৭, মো. সোহেল পারভেজ ১ হাজার ৪৩৪, আশীষ কুমার মজুমদার ১ হাজার ৪৩২, শামীমা সুলতানা ১ হাজার ৪১১, কৃষ্ণা গায়েন ১ হাজার ৪০২, পৃথ্বিলা নাজনীন নীলিমা ১ হাজার ৩৯৬, মহব্বত হোসেন খান ১ হাজার ২৩৮, শেখ মনোয়ার হোসেন ১ হাজার ১৯৪, মো. মোতাহার হোসেন ১ হাজার ১৩১, আবুল কালাম আজাদ ১ হাজার ১১৫, মোহাম্মদ মেহেদী জামিল ১ হাজার ৮২, মো. এবায়দুল্লাহ তালুকদার ১ হাজার ৭৭, ইন্দুপ্রভা দাস ৯৯৪, মো. মাসুদুর রহমান ৯৮০ এবং মো. আনোয়ার হোসেন মির্ধা ৯৭৫ ভোট পেয়েছেন।

আওয়ামীপন্থীদের অপর প্যানেল বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল গ্র্যাজুয়েট মঞ্চের একমাত্র আসনপ্রাপ্ত মো. আবদুল মান্নান চৌধুরী পেয়েছেন ১ হাজার ২৭ ভোট।

এদিকে বিএনপিপন্থী জাতীয়তাবাদী প্যানেলের মোহাম্মদ কামরুল আহসান ১ হাজার ৩৪২ ভোট, শিহাব উদ্দিন খান ১ হাজার ৩০৭, শামীমা সুলতানা ১ হাজার ২০৭, মো. শামসুল আলম ১ হাজার ১৮৪, সাবিনা ইয়াসমিন ১ হাজার ৩০ এবং মো. নজরুল ইসলাম ১ হাজার ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এর আগে গত শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ এবং নতুন কলা ভবন কেন্দ্রে ভোট গ্রহণ চলে। ৪ হাজার ৩৭৩ জনের মধ্যে ৩ হাজার ৬৩৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।