১৯ বছর পর প্রত্যাহারের আবেদন, শুনানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হেলাল আকবর চৌধুরী ওরফে বাবরসহ ছাত্রলীগ ও যুবলীগের সাবেক ১০ কর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া আলোচিত একটি হত্যা মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছে আদালতে।
গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে এ আবেদন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আইয়ুব খান। পরে আদালত আজ সোমবার শুনানির দিন ধার্য করেছেন।
গত শনিবার ‘হত্যার ১৯ বছর পর মামলা প্রত্যাহারের আবেদন’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, গত বছরের সেপ্টেম্বর মাসে মামলাটি প্রত্যাহারের সুপারিশ এসেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। দ্রুত বিচার ট্রাইব্যুনালের রেজিস্টারে মামলাটি উচ্চ আদালতের নির্দেশে স্থগিতাদেশের তালিকায় থাকায় প্রত্যাহারের আবেদন করা যায়নি। গতকাল রোববার ধার্য দিনে মামলাটি প্রত্যাহারের আবেদন করা হলে আদালত সোমবার শুনানির দিন ধার্য করেছেন।’
পিপি আরও বলেন, রোববার ধার্য দিনে কোনো সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ করা হয়নি। এ ছাড়া জামিনে থাকা আসামি মফিজুর রহমান হাজির না হওয়ায় তাঁর জামিন বাতিল করেন আদালত।
প্রত্যাহারের আবেদনে পিপি উল্লেখ করেন, মামলাটি রাজনৈতিক প্রতিপক্ষদের হয়রানি করার উদ্দেশ্যে করা হয়েছিল। আসামিরা বিশেষ রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের নেতা-কর্মী হওয়ায় তাঁদের ফাঁসানো হয়েছে। নিজেদের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায় প্রসিকিউশন না চালানোর সিদ্ধান্ত নেওয়ায় মামলাটি প্রত্যাহারের আদেশ এবং আসামিদের অব্যাহতি দানে আদালতে মর্জি হয়। তবে মামলার বাদীপক্ষ থেকে প্রত্যাহার আবেদন বাতিলের কোনো আবেদন করা হয়নি আদালতে। মামলার বাদী সেলিম খান মারা গেছেন।
১৯৯৬ সালের ৯ এপ্রিল মিছিল নিয়ে বিএনপির সমাবেশে যাওয়ার পথে যুবদলের কর্মী আজাদ আলী খানকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ ১০ আসামির বিরুদ্ধে।