১৯ বছর পর মামলা প্রত্যাহারের আবেদন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হেলাল আকবর চৌধুরী ওরফে বাবরসহ ছাত্রলীগ ও যুবলীগের সাবেক ১০ কর্মীর বিরুদ্ধে করা আলোচিত একটি হত্যা মামলা প্রত্যাহারের আবেদন ১৯ বছর পর নামঞ্জুর করেছেন আদালত।


আজ সোমবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ আদালতে শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে ১৪ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য করেন। গত রোববার মামলাটি প্রত্যাহারে দ্রুত বিচার ট্রাইব্যুনালের কৌঁসুলি আইয়ুব খান আদালতে আবেদন করেন।


গত শনিবার ‘হত্যার ১৯ বছর পর মামলা প্রত্যাহারের আবেদন’ শিরোনামে প্রথম আলো তে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।


চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, ‘মামলা প্রত্যাহারের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বিচারক আদেশে উল্লেখ করেন, মামলার নথি পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে মামলাটি প্রত্যাহার করার মতো কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। তাই মামলাটি প্রত্যাহার না করে বিচার চলবে।’


মামলা প্রত্যাহারের আবেদন নামঞ্জুর হওয়ায় সন্তোষ প্রকাশ করে নিহত ব্যক্তির মেয়ে নওশীন আনজু বলেন, এবার বিচার পাওয়ার আশা করা যায়।


১৯৯৬ সালের ৯ এপ্রিল মিছিল নিয়ে বিএনপির সমাবেশে যাওয়ার পথে যুবদল কর্মী আজাদ আলী খানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। আসামিরা হলেন হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর, সুনীল দে, মফিজুর রহমান দুলু, সুরজিত বড়ুয়া, উৎপল কুমার চৌধুরী, ইফতেখার, জাফর উল্লাহ, শাহনেওয়াজ, হুমায়ুন কবির ও হাফিজুর রহমান।

এ ঘটনায় নিহতের ভাই সেলিম খান বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা করেন। ২০০৩ সালে মামলাটি বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে। উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ ছিল। গত মঙ্গলবার থেকে এই কার্যক্রম আবার শুরু হয়।