১৯ বছর আগে চট্টগ্রামে যুবদলের কর্মী আজাদ আলী খানকে গুলি করে হত্যার অভিযোগে ১০ আসামির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছে। আজ রোববার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে এ বিষয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আইয়ুব খান। আদালত কাল সোমবার শুনানির দিন ধার্য করেছেন।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট আইয়ুব খান প্রথম আলোকে বলেন, ‘গত বছরের সেপ্টেম্বর মাসে মামলাটি প্রত্যাহারের সুপারিশ এসেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। দ্রুত বিচার ট্রাইব্যুনালের রেজিস্টারে মামলাটি উচ্চ আদালতের নির্দেশে স্থগিতাদেশের তালিকায় থাকায় তখন মামলা প্রত্যাহারের আবেদন করা যায়নি।’
মামলা প্রত্যাহারের আবেদনে পিপি উল্লেখ করেন, মামলাটি রাজনৈতিক প্রতিপক্ষদের হয়রানি করার উদ্দেশ্যে করা হয়েছিল। আসামিরা বিশেষ রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের নেতা-কর্মী হওয়ায় তাঁদের ফাঁসানো হয়েছে। নিজেদের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে উল্লেখ করে সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। তবে মামলার বাদীপক্ষ থেকে মামলা প্রত্যাহার বাতিলের কোনো আবেদন করা হয়নি আদালতে। এ অবস্থায় প্রসিকিউশন মামলা না চালানোর সিদ্ধান্ত নেওয়ায় মামলাটি প্রত্যাহারের আদেশ এবং আসামিদের অব্যাহতির দানে আদালত রাজি হয়। মামলার বাদী সেলিম খান ইতিপূর্বে মারা গেছেন।
সেলিম খান বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অভিযুক্ত আসামিরা হলেন: হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর, সুনীল দে, মফিজুর রহমান ওরফে দুলু, সুরজিত বড়ুয়া, উত্পল কুমার চৌধুরী, ইফতেখার, জাফর উল্লাহ, শাহনেওয়াজ, হুমায়ুন কবির ও হাফিজুর রহমান।