১৯ বছর পর সাক্ষ্য দিলেন তদন্তকারী কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ঘোপালে স্কুলছাত্র আলাল মিয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) দেওয়ান গোলাম সারওয়ার অবশেষে সাক্ষ্য দিলেন। গতকাল বুধবার সিলেট মহানগর দায়রা জজ আদালতে তিনি সাক্ষ্য দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগামী ২৪ এপ্রিল মামলার পরবর্তী তারিখ পড়েছে। ওই তারিখে তদন্তসংশ্লিষ্ট গোয়েন্দা পুলিশের সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্কের তারিখ পড়তে পারে।
১৯৯৭ সালের ১৯ ডিসেম্বর সিলেট কোতোয়ালি থানার অধীন ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আলাল মিয়া হত্যাকাণ্ডের সময় দেওয়ান গোলাম সারওয়ার সিলেট কোতোয়ালি থানায় উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন। হত্যা মামলার তদন্ত শেষে ২০০৩ সালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ আদালতে অভিযোগপত্র দাখিল করলে মামলার বিচারপ্রক্রিয়ায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
মামলার মোট ২৯ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ একজন সাক্ষী দেওয়ান গোলাম সারওয়ার। তিনি পুলিশের চাকরি ছেড়ে দেওয়ায় প্রায় সাত বছর ধরে তাঁর সাক্ষ্য দেওয়ার অপেক্ষায় ছিল বাদীপক্ষ। এ নিয়ে গত ৭ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘এক সাক্ষীর জন্য ১৯ বছর অপেক্ষা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।