১৯ বছর পর হত্যা মামলার রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৯ বছর পর বাগেরহাটের তুষার মোড়ল হত্যার রায় হয়েছে আজ। জেলার দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান খান আজ রোববার দুপুরে এ রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে ছয়জনকে অব্যাহতি দেন আদালত। মামলা চলাকালে বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এবং প্রতিপক্ষের হামলায় এই মামলার অন্য তিন আসামি নিহত হন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, নিহত তুষার মোড়ল স্থানীয় পুলিশ ফাঁড়ির এক কনস্টেবলসহ জোড়া হত্যা মামলার সাক্ষী ছিলেন। কথিত চরমপন্থীরা ওই জোড়া খুন করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

১৯৯৬ সালের ২ সেপ্টেম্বর বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের তৎকালীন ইউপি চেয়ারম্যান আজাহার মোড়লের ছোট ভাই তুষার মোড়লকে (২৮) স্থানীয় মানসা বাজারে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ গ্রামের লিয়াকত শেখ, একই গ্রামের কাশেম শেখ এবং যশোর জেলার অভয়নগর উপজেলার সিদ্ধিপাড়া কাজীপাড়া গ্রামের ইমাদুল ইসলাম ওরফে লিটন। এদের মধ্যে লিয়াকত শেখ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অন্য দুজন পলাতক রয়েছেন। মামলা চলাকালে বিভিন্ন সময়ে নিহতরা হলেন খলিল শেখ, গণেশ পোদ্দার ওরফে সোহেল ওরফে তপন এবং মকবুল ওরফে সজীব।

মামলা থেকে অব্যাহতি পাওয়া ছয়জন হলেন আব্দুর রশিদ, মোহন, সাঈদ, মনি, সবুজ ওরফে শ্যামল এবং নারায়ণ মণ্ডল।

এজাহার অনুযায়ী, ওই বছরের ২ সেপ্টেম্বর রাতে ফকিরহাট উপজেলার মানসা বাজারে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তুষার মোড়লের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। তারা তুষারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এমএল এর নামে স্লোগান দিয়ে এলাকা ত্যাগ করার সময় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে লিয়াকত শেখকে আটক করে। এই ঘটনায় নিহতের বড় ভাই ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আজাহার মোড়ল বাদী হয়ে ৩ সেপ্টেম্বর ফকিরহাট থানায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে ফকিরহাট থানায় হত্যা মামলা করেন। ১৯৯৯ সালের ৫ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক হাবিবুর রহমান ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। শুনানিতে আদালত ১১ জনের সাক্ষ্য নেন।

এই মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সরকারি আইনজীবী মোহাম্মদ আলী। আসামি পক্ষে ছিলেন আইনজীবী জাহিদ হোসেন ও আব্দুর রাজ্জাক। জাহীদ হোসেন বলেন, উচ্চ আদালতে যাবেন তাঁরা।