১৯ বছরে পার্বত্য চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯ বছর পূর্তি হচ্ছে আগামীকাল শুক্রবার। জাতীয়ভাবে এই দিবসটি পালন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সরকারের আমলে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে প্রায় দুই দশকের রক্তক্ষয়ী সংঘাত-সংঘর্ষের অবসান ঘটে। 


আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের পক্ষে তৎকালীন চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ ও শান্তি বাহিনীর পক্ষে জনসংহতি সমিতির প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) চুক্তিতে স্বাক্ষর করেন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯ বছর পূর্তি উপলক্ষেÿরাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বাণীতে আবদুল হামিদ বলেন, চুক্তি বাস্তবায়নের ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠন করা হয়েছে। চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। পার্বত্য জেলাগুলোর উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে ও প্রিয় মাতৃভূমির উন্নয়নে দলমত-নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

পৃথক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চুক্তির ১৯ বছর পূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রামবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং চুক্তির পূর্ণ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, ইউনেসকো শান্তি পুরস্কার অর্জন এই চুক্তির আন্তর্জাতিক স্বীকৃতির স্মারক।

প্রধানমন্ত্রী বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।’

শেখ হাসিনা বলেন, ‘২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি-জামায়াত জোট সরকার ঐতিহাসিক এই চুক্তির চরম বিরোধিতা করে পার্বত্য অঞ্চলকে আবারও অস্থিতিশীল করতে চেয়েছিল। তাদের এ হীন উদ্দেশ্য সফল হয়নি। আমরা পার্বত্য চট্টগ্রামসহ দেশের সর্বত্র শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর।’

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার পার্বত্য চুক্তির আলোকে এ অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাহাড়ি জনগণের শিক্ষা ও স্বাস্থ্যের মানোন্নয়নে রাঙামাটিতে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছি। এ ছাড়া ভূমিবিষয়ক বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল সকাল ১০টায় হোটেল সুন্দরবনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আলোচনা সভার আয়োজন করেছে। সংগঠনের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার সভাপতিত্বে সভায় ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ উপস্থিত থাকবেন।