১৯ বছরে প্লট, ফ্ল্যাট কিছুই পাননি গ্রাহকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় বছর ধরেও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ মোহাম্মদপুর ​এফ ব্লকের ১৫টি ভবনের নির্মাণকাজ শেষ করতে পারেনি l প্রথম আলো
ছয় বছর ধরেও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ মোহাম্মদপুর ​এফ ব্লকের ১৫টি ভবনের নির্মাণকাজ শেষ করতে পারেনি l প্রথম আলো

প্লট দেওয়ার ঘোষণা দিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হলো। এক যুগ পর বলা হলো, প্লট সম্ভব নয়, ফ্ল্যাট দেওয়া হবে। আবেদনকারীদের কাছে আবার আবেদনপত্র বিক্রি হলো, লটারি হলো। বলা হলো, দ্রুত ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হবে। ১৯৯৭ থেকে ২০১৬ সাল—দীর্ঘ ১৯ বছরেও কথা রাখতে পারল না জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। প্লট, ফ্ল্যাট—কিছুই পেলেন না গ্রাহকেরা।
রাজধানীর মোহাম্মদপুর হাউজিং এস্টেটের এফ ব্লকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বহুল আলোচিত এই প্লট ও ফ্ল্যাট প্রকল্প। ১৯৯৭ সালে প্লটের জন্য আবেদনপত্র চেয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। ২০১০ সালে প্লটের পরিবর্তে ৯০০ জনকে লটারি করে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়। প্রায় ছয় বছর শেষ হয়ে গেল, এখনো ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি। এখন বলা হচ্ছে, আপাতত পাঁচটি ভবনের ৩০০ ভবন বুঝিয়ে দেওয়া হবে। বাকি ৬০০ জনকে অপেক্ষায় থাকতে হবে। এ ছাড়া প্রতিটি ভবনে ৬০টি ফ্ল্যাট থাকলেও গাড়ির গ্যারেজ রয়েছে মাত্র ১২টি। এ নিয়ে গ্রাহকদের মধ্যে দুশ্চিন্তা রয়েছে। আয়তনে ১০০০ ও ৮০০ বর্গফুটের ফ্ল্যাটের দাম হচ্ছে প্রতি বর্গফুট সাড়ে তিন হাজার টাকা। বড়টি ৩৫ লাখ এবং ছোট আয়তনের ফ্ল্যাট ২৮ লাখ টাকা। জানা গেছে, এক হাজার বর্গফুটের ফ্ল্যাটের জন্য অনেক গ্রাহকই এ পর্যন্ত প্রায় ১৮ লাখ টাকা পরিশোধ করেছেন।
আদাবর থানার বিপরীতে সাত একর জায়গা নিয়ে এফ ব্লক প্রকল্প এলাকা। ১৫টি ১৬ তলা ভবন নির্মাণ করার কথা। গত বুধবার নির্মাণস্থলে গিয়ে দেখা যায়, শুধু এক থেকে পাঁচ নম্বর ভবনের কাজ প্রায় শেষ হয়েছে। আগামী জানুয়ারির মধ্যে এক থেকে তিন নম্বর ভবনের ১৮০টি ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে ঠিকাদারদের লোকজন জানান। এরপর চার ও পাঁচ নম্বর ভবনের কাজ শেষ করা হবে। ৬ ও ১২ নম্বর ভবনের শুধু ফাউন্ডেশনের কাজ হয়েছে। ঠিকাদার পরিবর্তনের পর এখন বাকি কাজ শুরু হবে। কিছু ভবন চার-পাঁচতলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে।
ফ্ল্যাট নির্মাণের অগ্রগতি দেখতে বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরা নিয়মিত আসেন। ঘটনাস্থলে কয়েকজনের সঙ্গে আলাপ হয়। তাঁরা দেড় যুগ অপেক্ষায় রয়েছেন, এখনো জানেন না কবে থেকে এখানে বসবাস করতে পারবেন। বিদ্যুৎ ও পানির সংযোগের বিষয়ে সমস্যা না থাকলেও গ্যাস-সংযোগ কীভাবে হবে, এ নিয়েও তাঁরা শঙ্কিত।
১৯৯৭ সালের নভেম্বরে তৎকালীন গৃহসংস্থান অধিদপ্তর (২০০১ সালে কর্তৃপক্ষ হয়) থেকে মোহাম্মদপুর এফ ব্লকে চার ধরনের প্লটের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছিল। আড়াই কাঠা, দুই কাঠা, পৌনে দুই কাঠা ও অসম আকৃতির প্লট। প্লট দেওয়া হবে—সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেখে প্রায় ২৩ হাজার আবেদনকারী প্লটের জন্য আবেদন করেছিলেন। পরে প্লটের পরিবর্তে ফ্ল্যাট দেওয়ার ঘোষণায় নতুন করে এক হাজার টাকায় আবেদনপত্র কিনে তা জমা দিতে হয়। তাঁদের মধ্যে ৯০০ আবেদনকারী লটারিতে প্লট পান।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী মোজাম্মেল হোসেন বলেন, কিছু ভবনে মামলাজনিত সমস্যা রয়েছে। কিছু ভবনে ঠিকাদার পরিবর্তন হওয়ায় নির্মাণকাজে দেরি হচ্ছে। তবে যে ভবনেরই কাজ শেষ হবে, বরাদ্দপ্রাপ্তদের বুঝিয়ে দেওয়া হবে।
নির্বাহী প্রকৌশলী আরও বলেন, গ্যারেজ যেহেতু কম, তাই লটারির মাধ্যমে তা বরাদ্দ হবে। গ্যাস-সংযোগ সিলিন্ডারের মাধ্যমেই নিতে হবে। তবে গ্যাসের লাইন টানা হবে।