১৯ বছরেই পরিত্যক্ত খুলনার জিয়া হল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার নগরের প্রধান মিলনায়তন জিয়া হল নির্মাণের ১৯ বছরের মধ্যেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দুই বছরের বেশি সময় ধরে মিলনায়তনটি অব্যবহূত অবস্থায় পড়ে আছে। ফলে নগরের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার ক্ষেত্রে মানুষকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।খুলনা সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এরশাদ সরকারের সময়ে নগরের প্রাণকেন্দ্র শিববাড়ির মোড়ে এক একর ৭৫ শতাংশ জমিতে করপোরেশন খুলনা পাবলিক হল নির্মাণের কাজ শুরু করে। ১৯৯১ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এক হাজার ২০০ আসনের দোতলা এই মিলনায়তনটি উদ্বোধন করেন। নাম দেওয়া হয় জিয়া হল।এক হাজার ২০০ আসনের প্রধান মিলনায়তন ছাড়াও শীতাতপ নিয়ন্ত্রিত ২০০ আসনের সন্মেলনকক্ষ ও দোতলায় প্রশস্ত মিলনায়তন এবং মিলনায়তনের খোলা জায়গাকে কেন্দ্র করে জিয়া হল খুলনাবাসীর সভা-সমাবেশ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র ছিল। কিন্তু দুই বছর ধরে মিলনায়তনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় খুলনার সর্বস্তরের মানুষ অসুবিধার মুখে পড়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি স্কুলের শিক্ষক এস এম নাজিমউদ্দিন জানান, মেয়রের কথায় তিনিসহ কয়েকজন প্রকৌশলী হলটি পর্যবেক্ষণ করে দেখেন, ভবনের বিম, কলাম ও ছাদের অসংখ্য জায়গা ভেঙে পড়ছে। এককথায় ভবনটি ধারণক্ষমতা হারিয়ে ফেলায় তা আর মেরামতযোগ্য নেই।জিয়া হলের সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান রহিম জানান, পদ্মার এ পারে সবচেয়ে বড় এই মিলনায়তনে সারা বছর সামাজিক-রাজনৈতিক অনুষ্ঠান ও প্রদর্শনী লেগেই থাকত। কিন্তু ২০১০ সালের জুন থেকে হলটি ব্যবহারের অনুপযোগী অবস্থায় বন্ধ রয়েছে। তবে সিটি করপোরেশন এখানে বহুতল ভবন নির্মাণের প্রস্তাব ঢাকায় পাঠিয়েছে।খুলনার আব্বাসউদ্দীন একাডেমির সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, ‘কিছু করতে গেলে আমরা জিয়া হলের ওপর নির্ভর করতাম। হলটি বন্ধ হওয়ার ফলে খুলনায় সাংস্কৃতিক কর্মকাণ্ডের জায়গা আর নেই বললেই চলে।’ জাতীয় রবীন্দ্রসংগীত সন্মিলন পরিষদ খুলনা জেলা শাখার সম্পাদক মিনা মিজানুর রহমান বলেন, ‘সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ওই হল ছাড়া খুলনায় আর কোনো উপযোগী স্থান নেই।’ বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ-জামান বলেন, ‘মাত্র ১৯ বছরের মাথায় এত বড় একটি গুরুত্বপূর্ণ স্থাপনা পরিত্যক্ত হওয়ায় নির্মাতা ঠিকাদারকে জবাবদিহির আওতায় আনতে হবে। আর হলের জন্য অবিলম্বে নতুন উদ্যোগও নিতে হবে।’খুলনা সিটি করপোরেশনের প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির-উল-জব্বার বলেন, ‘আমরা এই হলের জায়গায় একটি বহুতল হল নির্মাণের জন্য গত ২৩ জানুয়ারি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি।’