১৯ বছরেও পাওয়া যায়নি ক্ষতিপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার মাগুরছড়া দিবস। ১৯৯৭ সালে মৌলভীবাজারের মাগুরছড়ায় বেসরকারি কোম্পানি অক্সিডেন্টাল গ্যাসকূপ খনন করার সময় বিস্ফোরণ ঘটে। আগুনে লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এতে কয়েক শ কোটি টাকার ক্ষতি হলেও কোনো ক্ষতিপূরণ পাওয়া যায়নি।
বন বিভাগের কর্মকর্তারা বলেন, ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের গ্যাস অনুসন্ধানকারী কোম্পানি অক্সিডেন্টাল মাগুরছড়া গ্যাসকূপ খনন করে। খননের সময় ১৪ জুন মধ্যরাতে গ্যাসকূপে হঠাৎ বিস্ফোরেণ আগুন ধরে যায়।
আগুনের তাপে ঢাকা-সিলেট রেললাইন, শ্রীমঙ্গল-ভানুগাছ সড়ক, মাগুরছড়া আদিবাসী খাসিয়া পুঞ্জি, পান জুম এলাকা, ফুলবাড়ী চা-বাগান ও লাউয়াছড়া জাতীয় উদ্যান ক্ষতিগ্রস্ত হয়। লাউয়াছড়া জাতীয় উদ্যানে ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ ছিল ৮৭ দশমিক ৫০ একর। এ ছাড়া পিডিবির ৩৩ কেভি প্রধান বিদ্যুৎ লাইনও নষ্ট হয়ে যায়।
পরিবেশবাদী সংগঠনের নেতারা বলেন, ১৯ বছর আগের ক্ষতিপূরণ আদায়ে সরকার ব্যর্থ হয়েছে। এর মধ্যে গ্যাসক্ষেত্রের দায়িত্ব হাতবদল হয়ে ইউনোকল থেকে শেভরনের কাছে গেছে। এদিকে ২০১০-১১ সালে শেভরন কমলগঞ্জের নূরজাহান ও ফুলবাড়ী চা-বাগান এবং শ্রীমঙ্গলের জাগছড়া চা-বাগানের সবুজ বেষ্টনী উপড়ে গ্যাসকূপ খনন করে। পাইপলাইনের মাধ্যমে এ গ্যাস কালাপুর গ্যাসকূপের লাইনের সঙ্গে যুক্ত করা হয়। এসব কার্যক্রমে পরিবেশ ও বন্য প্রাণীর ক্ষতি হচ্ছে।
আজকের কর্মসূচি: জাতীয় তেল গ্যাস রক্ষা কমিটির মৌলভীবাজার শাখার সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান ও কমলগঞ্জ উন্নয়ন পরিষদের সভাপতি এম এ ওয়াহিদ বলেন, আজ মঙ্গলবার সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা সদর ও শ্রীমঙ্গল উপজেলা সদরে মানববন্ধন করা হবে। এরপর মার্কিন বহুজাতিক কোম্পানি অক্সিডেন্টাল-ইউনোকল ও শেভরনের কাছ থেকে মাগুরছড়া গ্যাসক্ষেত্র বিস্ফোরণে ক্ষতিপূরণ আদায়ের দাবিতে স্মারকলিপি দেওয়া হবে।