ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণীতে অবৈধভাবে ভর্তি হওয়া ১৯ শিক্ষার্থীর রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রিট আবেদনের শুনানি শেষে গত বৃহস্পতিবার হাইকোর্টের বিচারক ফারাহ মাহবুব ও ফরিদ আহমেদের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।আইনজীবীরা বলেছেন, এই রায়ের ফলে ওইসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে সনদ নিতে পারবেন না। তাঁদের ছাত্রত্ব অবৈধ ঘোষণা করে কর্তৃপক্ষের সিদ্ধান্তই বহাল রইল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক গতকাল তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, হাইকোর্টের নির্দেশে অভিযুক্ত শিক্ষার্থীদের ক্লাসে যোগদান ও পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে ভুয়া হিসেবে কর্তৃপক্ষের কাছে ধরা পড়ার পরই তাঁদের ছাত্রত্ব বাতিল করা হয়েছিল। রিট আবেদন খারিজ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত যে সঠিক ছিল এবং ওইসব শিক্ষার্থী যে ভুয়া ছিল তা প্রমাণিত হলো। জানা যায়, ছাত্রত্ব বাতিল হওয়া ভুয়া শিক্ষার্থীদের ১৪ জনই আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের। এঁরা হলেন কাজী মাসুদ হাসান, মো. ফজলে এলাহি, মাতিসী হাসান, মো. নাহিদ হাসান, কানিজ ফাতেমা বিথী, নুরুন নাহার খাতুন, নাহিদা শারমিনা ইসলাম, মো. আবদুল আজিজ, মো. সাফাত মোস্তফা, গৌতম কুমার পাল, মো. মহসিন খান, মোহাম্মদ আমিনুল ইসলাম, হোমায়রা আলী তানিয়া, ইমরান বাশার। এ ছাড়া লোকপ্রশাসন বিভাগের শামিনুর রহমান, মাহাবুবুর রহমান ও আফরোজা আক্তার, সমাজকল্যাণ বিভাগের সুমনা আফরোজ এবং অর্থনীতি বিভাগের মোহাম্মদ আবদুল্লাহ আল জোবায়ের ভুয়া শিক্ষার্থী হিসেবে চিহ্নিত হলেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৬ সালে লোকপ্রশাসন বিভাগে ১১ জন ভুয়া শিক্ষার্থী ধরা পড়ে। ওই ঘটনার পর ওই বছরের ১৯ অক্টোবর সিন্ডিকেট সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দারকে প্রধান করে ১১ সদস্যের তথ্যানুসন্ধান কমিটি গঠন করে। ওই কমিটিতে সবক’টি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্যদের সম্পৃক্ত করা হয়। কমিটি ভুয়া শিক্ষার্থী ভর্তির বিরুদ্ধে তদন্ত চালিয়ে ২৩২ জনের ছাত্রত্ব বাতিল করে। পরে সিন্ডিকেট আরও ১০ জনের ছাত্রত্ব বাতিল করে। একই সঙ্গে চক্রের ১৭ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের ও বিশ্ববিদ্যালয়ের নয়জন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়। ভর্তি বাতিল হওয়া ২৪২ জনের মধ্যে ৮৯ জন ওই সময় উচ্চ আদালতে ৬৯টি রিট আবেদন করেন। গত বৃহস্পতিবার ১৯ জনের আবেদন খারিজ হলেও বাকি রিট আবেদনগুলো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।উপাচার্য জানিয়েছেন, ভুয়া শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের ভেতর-বাইরে জড়িত কেউই রেহাই পাবে না। এ ছাড়া বাকি রিট আবেদনগুলো নিষ্পত্তি হলে ভুয়া শিক্ষার্থীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।