১৯ মার্চ পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী
দেশের দক্ষিণাঞ্চলকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে শস্যভান্ডার হিসেবে পরিচিতি আনতে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়ায় গড়ে তোলা হচ্ছে দেশের বৃহৎ বীজ উৎপাদন খামার। এ লক্ষ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) দীর্ঘমেয়াদি মানসমঞ্চত বীজ উৎপাদনের মহাপরিকল্পনা, জমি অধিগ্রহণসহ একটি প্রকল্প গ্রহণ করে। নামকরণ করা হয় ‘দক্ষিণ উপকূলীয় অঞ্চলে (বরিশাল ও পটুয়াখালী) বীজবর্ধন খামার স্থাপন’ প্রকল্প।১৯ মার্চ বিএডিসির এই প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঁশবাড়িয়ায় আসছেন। প্রধানমন্ত্রীর সফরসূচিতে উল্লেখ আছে, বীজ উৎপাদন খামার উদ্বোধনের পর সেখানে তিনি মতবিনিময় সভায় মিলিত হবেন। পরে বেলা ১২টায় কুয়াকাটা-ঢাকা মহাসড়কের দুমকি উপজেলার পায়রা নদীর ওপর চার লেনবিশিষ্ট লেবুখালী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেখানেও মতবিনিময় সভায় মিলিত হবেন প্রধানমন্ত্রী। সভা শেষে পিরোজপুরের উদ্দেশে রওনা দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দশমিনার বিচ্ছিন্ন বাঁশবাড়িয়া ইউনিয়নে এখন সাজ সাজ রব রব ভাব। হেলিপ্যাড নির্মাণ, সড়ক নির্মাণসহ এলাকার মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বীজবর্ধন খামার স্থাপন প্রকল্পের সহকারী পরিচালক সুব্রত দুয়ারী জানান, বেশি উৎপাদনশীল ও ভালো মানের বীজ সরবরাহ নিশ্চিত করতে দক্ষিণাঞ্চলে কৃষি মন্ত্রণালয় এই বৃহত্তম খামার গড়ে তুলতে উদ্যোগ নেয়। নতুন এ খামারে ধান, গম, ভুট্টা, ডাল, তেলজাতীয় বীজসহ বিভিন্ন ফসলের উন্নতমানের বীজ উৎপাদনসহ কৃষকদের চাষাবাদে উন্নত প্রযুক্তির সহায়তা দেওয়া হবে। এ ছাড়া এই প্রকল্পে খামারিদের জন্য বসবাসের উপযোগী আবাসন গড়ে তোলা হবে। স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দির, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, মেডিকেল কেয়ার সেন্টারসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে।