১৯ মাসেও 'সৌন্দর্য' নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দ্যাখেন, ওপরে ফিটফাট, নিচে সদরঘাট’—রাজধানীর কুড়িল উড়ালসড়কের নিচের আবর্জনাময় অবস্থা দেখিয়ে এ মন্তব্য করলেন আবুল হোসেন। সড়কের পাশে টংঘরে চা-সিগারেট বিক্রি করেন তিনি।
জমি অধিগ্রহণসহ ৩০৩ কোটি টাকা খরচ হয় কুড়িল উড়ালসড়ক তৈরিতে। এ প্রকল্পে উড়ালসড়কের নিচের অংশকে ‘সৌন্দর্যকরণ’ করাও ছিল। মহানগরের এ অংশের চেহারা বদলে দেওয়ার মতো লেক ও সৌন্দর্যমণ্ডিত অন্যান্য উপকরণ যুক্ত করারও কথা ছিল। থাকার কথা ছিল বাহারি ফুলের বাগানও। ২০১৩ সালের ৪ আগস্ট এই উড়ালসড়ক উদ্বোধনের সময় এর বাস্তবায়নকারী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এমন ঘোষণাই দিয়েছিল। বলা হয়েছিল, ওই বছরের ডিসেম্বরের মধ্যেই সৌন্দর্যকরণের কাজ শেষ করা হবে। কিন্তু এর প্রায় সাড়ে ১৯ মাস পর গতকাল সোমবার সেখানে গিয়ে দেখা যায়, উড়ালসড়কের নিচের বিশাল অংশ সৌন্দর্যমণ্ডিত হওয়ার বদলে সৌন্দর্যহীন ও বেহাল হয়ে রয়েছে। সৌন্দর্য অনুপস্থিত।
মহাখালীর দিক থেকে বনানী ওভারপাস ছাড়িয়ে একটু এগোলেই কুড়িল উড়ালসড়ক। যাঁরা গাড়ি ব্যবহার করেন, তাঁদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সুবিধাজনক এই উড়ালসড়ক। কিন্তু কয়েক পাক ঘুরে উড়ালসড়ক থেকে নামার পর আরোহীদের আমন্ত্রণ জানাবে দুর্গন্ধময় একটি জলাশয়। এর পাড়ে ময়লা-আবর্জনার ভাগাড়। ভাঙা রাস্তার ধ্বংসাবশেষ। জলাশয়ের মাঝখানে অসমাপ্ত মনুমেন্ট। দুই দিকে সিঁড়ির আদলে তৈরি স্থাপনা। কিন্তু অনেক আগে থেকে অসামপ্ত অবস্থায় পড়ে থাকায় এসব স্থাপনার কোঠরে পানি জমেছে। সেখানে মশারা ডিম পাড়ে। পুরো জলাশয়ের পানি দূষিত, কোথাও কোথাও পানির রং সবুজ—খালি চোখেই তা বোঝা যায়।
নিয়মিত ওই উড়ালসড়ক ও নিচের রাস্তা ব্যবহারকারী বসুন্ধরা সি ব্লকের বাসিন্দা কফিলউদ্দিন জানান, মাসের পর মাস এ অবস্থা দেখছেন। এখন গা সওয়া হয়ে গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, বসুন্ধরা এলাকায় একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকায় উড়ালসড়ক হয়ে নিচের সড়কে যানবাহন চলাচল অনেক বেড়েছে। এ ছাড়া রাজউকের পূর্বাচল উপশহর প্রকল্পের ৩০০ ফুট সড়কটির সঙ্গে নিচের রাস্তাটি সংযুক্ত। ফলে নগরের এই প্রান্ত থেকে কাঞ্চন, রূপগঞ্জ, ভুলতা, গাউছিয়াগামী অনেক যানবাহন এ পথে চলে। এ ছাড়া ঢাকা শহরের ভেতরের সড়কগুলোর যানজট এড়াতে অনেক যানবাহন এই সড়ক ব্যবহার করে সিলেট ও চট্টগ্রামের পথেও চলাচল করে। যানবাহনের চাপে কুড়িল উড়ালসড়কের নিচের রাস্তায় মাঝেমধ্যে জট হয়। ওই রাস্তা নিয়মিত ব্যবহারকারী কয়েকজন জানান, নিচের রাস্তার পাশের দুর্গন্ধের চেয়ে যানজটে আটকে থাকার কষ্ট অনেক সহনীয়।
কুড়িল উড়ালসড়ক ও আশপাশের এলাকাটি বর্তমানে পূর্বাচল উপশহর প্রকল্পের অধীন। অতিরিক্ত প্রকল্প পরিচালক ও রাজউকের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল মল্লিক গতকাল প্রথম আলোকে বলেন, উড়ালসড়কের নিচের পাকা রাস্তা এবং তিনটি পদচারী-সেতু (ফুটওভারব্রিজ) নির্মাণ করা হয়েছে। বর্তমান দুর্গন্ধময় পরিবেশের জন্য রাজউক দায়ী নয় দাবি করে তিনি বলেন, সৌন্দর্যকরণ ব্যবস্থায় কিছু নতুন বিষয় যোগ করার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন নেওয়া হয়েছে। এ জন্য পরামর্শকও নিয়োগ করা হচ্ছে।
রাজউকের কর্মকর্তারা দাবি করেন, প্রতিদিন কুড়িল আন্তসংযোগ পথে প্রায় দুই লাখ মোটরযান এবং কুড়িল লেভেলক্রসিং দিয়ে ৯৮টির বেশি ট্রেন চলে। ট্রেনগুলোর যাতায়াতের জন্য প্রতিদিন এ পথে চলাচলকারীদের প্রায় আট কর্মঘণ্টা নষ্ট হতো। উড়ালসড়ক হওয়ায় এখন তা কমে এসেছে।