১৯ মুক্তিযোদ্ধা পরিবারকে জলমগ্ন ভূমি বন্দোবস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় প্রশাসনের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের কারণে পটুয়াখালীর দশমিনা উপজেলায় ১৯টি দুস্থ মুক্তিযোদ্ধা পরিবার কাগজে-কলমে খাসজমি পেয়েও নয় বছরে সেই জমির অস্তিত্ব খুঁজে পায়নি। চর জেগে না উঠতেই বরাদ্দ দেওয়া এসব জমি এখনো সারা বছর ১০ ফুটের বেশি পানির নিচে তলিয়ে থাকে। বরাদ্দপ্রাপ্ত পরিবারগুলো এ নিয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো ফল পায়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুস্থ মুক্তিযোদ্ধা পরিবারের পুনর্বাসনসংক্রান্ত সরকারি কর্মসূচির আওতায় ২০০০-০১ সালে উপজেলার দুস্থ ও অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারগুলোর মধ্যে খাসজমি বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। প্রশাসনের অতি উৎসাহী কিছু কর্মকর্তা তৎকালীন জেলা প্রশাসক মো. আবদুস সামাদের নামে তেঁতুলিয়া নদীর জলমগ্ন একটি এলাকাকে চরসামাদ নাম দিয়ে খাসজমি হিসেবে ভূমি বন্দোবস্ত কমিটিতে অনুমোদন করিয়ে নেন। চর শাহজালালের সন্নিকটে এই জলাভূমির একটি পর্চা ম্যাপ তৈরি করে মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দ করা হয়। তবে বরাদ্দপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারগুলো কখনোই জমি বুঝে পায়নি।সরেজমিনে চরসামাদের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। স্থানীয় লোকজন বলেছেন, নিয়ম অনুযায়ী চাষযোগ্য জমি সরকারিভাবে বন্দোবস্ত দেওয়ার কথা থাকলেও সেই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে জলমগ্ন এলাকায় প্রতিটি মুক্তিযোদ্ধা পরিবারকে দেড় একর করে খাসজমি দেওয়া হয়।বরাদ্দপ্রাপ্তদের মধ্যে মুক্তিযোদ্ধা মো. মজিবর রহমান বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বর্তমানে তাঁর পরিবার চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছে। মুক্তিযোদ্ধা আবদুল খালেক হাওলাদার চর শাহজালালে অন্যের জমি বর্গাচাষ করে দিনাতিপাত করছেন। আবদুল মান্নান বীরপ্রতীক জানান, দশমিনার মুক্তিযোদ্ধাদের খাসজমি বন্দোবস্তের নামে ১০ ফুট পানির নিচে জমি দিয়ে তাঁদের অবহেলা ও অপমান করা হয়েছে। এ ব্যাপারে বিগত জোট সরকারের আমলে ভূমি মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ ও ধরনা দিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি।মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব সিরাজুল আলম মোল্লা বলেন, মুক্তিযোদ্ধাদের পানির নিচের চর জমি হিসেবে বন্দোবস্ত দেওয়া দুঃখজনক। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মো. আজমল হোসেন বলেন, এটা অমানবিক। ওই বন্দোবস্ত বাতিল করে অন্য জায়গায় নতুন করে বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।