গাইবান্ধার তিনটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট ১৯ প্রার্থীর মধ্যে ১২ জনই প্রয়োজনীয় ভোট না পেয়ে জামানত হারিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
মেয়র পদে যাঁরা জামানত হারিয়েছেন, তাঁরা হলেন গাইবান্ধা পৌরসভায় বিএনপির শহীদুজ্জামান শহীদ ও স্বতন্ত্র মির্জা হাসান, ফেরদৌস আলম ও সরদার রোকনুজ্জামান পলাশ। এখানে মেয়র পদে সাতজন, কাউন্সিলর পদে ৭২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে মোট ভোটার সংখ্যা ৪৬ হাজার ৩৮১। গোবিন্দগঞ্জে জামানত খুইয়েছেন আখতার হোসেন (জাপা) ও মতিন মোল্লা (ওয়াকার্স পার্টি)। এখানে মেয়র পদে চারজন, কাউন্সিলর ৩৬ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে ভোটার ২৭ হাজার ৬৪৪ জন। সুন্দরগঞ্জে জামানত হারিয়েছেন মশিউর রহমান সরকার (জাপা), মশিয়ার রহমান (জেপি), শাহাদাৎ হোসেন (জাসদ) ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী দেবাশীষ কুমার সাহা, শাহীন আহম্মেদ ও মাসুদুল ইসলাম। জাসদের প্রার্থী পান মাত্র ৩০ ভোট। এখানে মেয়র পদে আটজন, কাউন্সিলর ৩০ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ১২ হাজার ৫০৪।
জেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর রহমান প্রামাণিক বলেন, কোনো প্রার্থী মোট ভোটের শতকরা আট ভাগেরও কম ভোট পেলে তিনি জামানত হারাবেন। তাঁকে মনোনয়নপত্র দাখিলের সময় দেওয়া জামানত ফেরত দেওয়া হবে না।