শিক্ষক, শ্রেণীকক্ষ, গবেষণাগারের (ল্যাবরেটরি) সংকটসহ নানা সমস্যায় জর্জরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগ। বিভাগের ১৯ জন শিক্ষকের মধ্যে নয়জন শিক্ষা ছুটিতে আছেন।ওই বিভাগের একাধিক শিক্ষক নিয়মিত ক্লাস নেন না—এমন অভিযোগ রয়েছে। ফলে বিভাগটির পাঠদান ও শিক্ষাকার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীরা সেশনজটের কবলে পড়ছেন। তাঁরা অবিলম্বে এসব সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগের সভাপতিসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।আইসিই বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা জানান, এ বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষা ২০০৯ সালে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ওই পরীক্ষা শেষ হয়নি। ফলে তাঁদের দীর্ঘ সেশনজটের শিকার হতে হচ্ছে।শিক্ষার্থীরা বলেন, এ বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ২০০৯ সালে স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও কিছুদিন আগে থেকে তাঁদের মাস্টার্সের ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিভাগে শিক্ষকসংকটের পাশাপাশি শ্রেণীকক্ষসংকট, ল্যাবরেটরি-সংকট এবং গবেষণাগারে প্রয়োজনীয় যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে। কিন্তু বিভাগের পক্ষ থেকে এসব সমস্যা নিরসনের জন্য এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁরা জানান, বিভাগের মোট ১৯ জন শিক্ষকের মধ্যে নয়জন শিক্ষা ছুটিতে থাকলেও বিভাগের পক্ষ থেকে শিক্ষকসংকট নিরসনের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আবার বিভাগে অবস্থানরত অবশিষ্ট শিক্ষকের মধ্যে একাধিক শিক্ষক নিয়মিত ক্লাস নেন না।ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি শেখ এনায়েত উল্লাহ্ বলেন, বিভাগে শ্রেণীকক্ষের সংকট রয়েছে। তবে অন্যান্য সমস্যা তেমন একটা নেই বলে দাবি করেন তিনি। বিভাগের সেশনজটসহ শিক্ষক ও গবেষণাগার-সংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব এবং ক্লাস নেওয়ার ব্যাপারে শিক্ষকদের উদাসীনতার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এগুলো খুব দ্রুত ঠিক হয়ে যাবে।