১৯ শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ ভবন অধিক ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। জামালখানের কুসুমকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় থেকে গত মঙ্গলবার দুপুরে তোলা ছবি l সৌরভ দাশ
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। জামালখানের কুসুমকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় থেকে গত মঙ্গলবার দুপুরে তোলা ছবি l সৌরভ দাশ

চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত ৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯টিতেই ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। এই ১৯ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২০টি ভবন অধিক ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ৮০ বছরের পুরোনো ভবনের পাশাপাশি ১৮ বছর আগে নির্মিত ভবনও রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করছে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী।
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের উদ্যোগে পরিচালিত এক জরিপে এই চিত্র উঠে এসেছে। ‘ইকলেকটিক’ নামের একটি প্রকৌশল-পরামর্শক প্রতিষ্ঠানকে দিয়ে এ জরিপ করা হয়।
৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০টি ভবন পরীক্ষা-নিরীক্ষা করে আগস্টের শেষ সপ্তাহে প্রতিষ্ঠানটি এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়। ঝুঁকি বিবেচনায় ২০টি ভবনকে ‘লাল’ (অধিক ঝুঁকিপূর্ণ), ১৮টিকে ‘অ্যাম্বার’ (ঝুঁকিপূর্ণ), ১৮টিকে ‘হলুদ’ ও ২৪টিকে ‘সবুজ’ শ্রেণিতে রাখা হয়।
ইকলেকটিকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনিরুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হলুদ শ্রেণির ভবনগুলো আপাতদৃষ্টিতে ঠিক আছে। আর সবুজ শ্রেণির ভবনগুলোতে কোনো সমস্যা নেই। অধিক ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ সিটি করপোরেশনের সিদ্ধান্ত। আমরা ঝুঁকির কথা সিটি করপোরেশনকে জানিয়েছি।’

ছাদের পলেস্তারা খসে পড়েছে। লামাবাজার এএএস সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় থেকে তোলা ছবি l প্রথম আলো
ছাদের পলেস্তারা খসে পড়েছে। লামাবাজার এএএস সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় থেকে তোলা ছবি l প্রথম আলো

গত মঙ্গলবার দুপুরে নগরের জামালখান কুসুমকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নিচতলার বারান্দার ছাদের পলেস্তারা খসে পড়েছে। বের হয়ে গেছে রড। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চম্পা মজুমদার বলেন, কিছুদিনের মধ্যেই বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম পাশের একটি ভবনে সরিয়ে নেওয়া হবে।
১৯৬০ সালে নির্মিত গুল-এ-জার বেগম সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের তিনতলা ভবনের নিচতলায় শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে ভয় ও আতঙ্ক কাজ করে বলে জানায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রী। প্রধান শিক্ষক আলী আকবর বলেন, পুরোনো ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণ করা দরকার। ঝুঁকির বিষয়টি সিটি করপোরেশনকে তিনি জানিয়েছেন।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক কিরণ চন্দ্র দেব প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম একটি ভূমিকম্পপ্রবণ এলাকা। তাই ঝুঁকিপূর্ণ ভবনগুলো কখন ভেঙে পড়বে, এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটি মানসিক ভয় সারাক্ষণ কাজ করে। তাদের পক্ষে শ্রেণি কার্যক্রমে ঠিকভাবে মন দেওয়া সম্ভব হয় না।
বলুয়ারদীঘির পাড় এলাকায় অবস্থিত লামাবাজার এ এ এস সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ১৯৬৮ সালে নির্মিত চারতলা ভবনের প্রতি তলার সিঁড়িকক্ষের ছাদের পলেস্তারা খসে লোহার রড বেরিয়ে গেছে। জানালাও ভাঙা। বিদ্যালয়ের শিক্ষার্থী জানায়, ছাদ থেকে পলেস্তারা খসে কখন মাথায় পড়ে—এ ভয়ে থাকে তারা। পলেস্তারা খসে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন বলেন, তিনি সাত বছর আগে প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। তখন থেকেই বিদ্যালয়ের এই অবস্থা দেখে আসছেন।
একই অবস্থা পাশের বলুয়ারদীঘি সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের। পাঁচতলা ভবনের তৃতীয় ও পঞ্চম তলায় ছাদ ও দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মঞ্জু আরা বেগম বলেন, বিদ্যালয়টি সংস্কার করা দরকার। কর্তৃপক্ষকে তা জানানো হয়েছে।

গুল-এ-জার বেগম সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের ভবনের ছাদের পলেস্তারা খসে প​েড়ছে l ছবি: প্রথম আলো
গুল-এ-জার বেগম সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের ভবনের ছাদের পলেস্তারা খসে প​েড়ছে l ছবি: প্রথম আলো


সিটি করপোরেশনের স্বাস্থ্য ও শিক্ষা-বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর নাজমুল হক প্রথম আলোকে বলেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে শ্রেণি কার্যক্রম চালানো যাবে না কিংবা এ মুহূর্তে সব সরিয়ে নিতে হবে—প্রতিবেদনে এ রকম কিছু বলা হয়নি। বিভিন্ন প্রকল্পের অধীনে ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার এবং নতুন করে ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
ইকলেকটিকের তালিকা অনুযায়ী লাল চিহ্নিত ভবনগুলো হচ্ছে, ছালেহ জহুর সিটি করপোরেশন কিন্ডারগার্টেনের দুটি ভবনের একটি, ফিরোজ শাহ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের তিনটি ভবনের একটি, পাঠানটুলী সিটি করপোরেশন বালক উচ্চবিদ্যালয় ভবন, জরিনা মফজল সিটি করপোরেশন কলেজ, চরচাক্তাই সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের দুটি ভবনের একটি, গুল-এ-জার বেগম সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের দুটি ভবনের একটি, পতেঙ্গা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ভবন, পতেঙ্গা সিটি করপোরেশন মহিলা কলেজ ভবন, ফতেয়াবাদ বহুমুখী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের চারটি ভবনের একটি, বলুয়ারদীঘি সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ভবন, জামালখান কুসুমকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের তিনটি ভবনের দুটি, লামাবাজার এ এ এস সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় ভবন, পশ্চিম বাকলিয়া সিটি করপোরেশন কিন্ডারগার্টেন ভবন, হালিশহর আহমদ মিয়া সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের দুটি ভবনের একটি, পোস্তারপাড় আসমা খাতুন সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ভবন, পূর্ব মাদারবাড়ী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের দুটি ভবনের একটি, কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ভবন, পাথরঘাটা মেনকা সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের দুটি ভবনের একটি এবং কৃষ্ণকুমারী সিটি করপোরেশনের বালিকা উচ্চবিদ্যালয়ের দুটি ভবনের একটি ভবনকে লাল শ্রেণিতে চিহ্নিত করা হয়েছে।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, লাল শ্রেণিতে থাকা ভবনগুলোর স্থায়িত্ব বাড়ানোর জন্য প্রকৌশল-পরামর্শক প্রতিষ্ঠানকে নকশা দিতে বলা হয়েছে। নকশা হাতে পাওয়ার পরপরই ভবনগুলোর সংস্কারকাজ শুরু হবে।