‘নারী নির্যাতন ও ভূমি বেদখলের বিরুদ্ধে সোচ্চার হোন’ স্লোগানে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের চট্টগ্রাম মহানগর শাখার সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। নগরের কদম মোবারক উচ্চবিদ্যালয়ের ইসলামাবাদী মেমোরিয়াল হলে অনুষ্ঠিত এই সম্মেলনে ১৯ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙামাটি জেলা কমিটির সভাপতি মন্টি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সভাপতি সিমন চাকমা ও সাবেক সভাপতি থুইক্যচিং মারমা, ইউপিডিএফের সংগঠক মিঠুন চাকমা। সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মানুচিং মারমা।
সম্মেলনে বক্তারা বলেন, গত বছর ১৪ জন পাহাড়ি নারী ধর্ষণ এবং ২১ জন নারী যৌন হয়রানির শিকার হয়েছেন। কিন্তু যৌন নিপীড়নকারী ও ধর্ষকদের শাস্তি হচ্ছে না। বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রুপা চাকমাকে সভাপতি, সতি চাকমাকে সাধারণ সম্পাদক ও রিতা চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের চট্টগ্রাম মহানগর শাখার ১৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য অনিতা চাকমা।