সিলেটের বিশ্বনাথে হরতাল চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও বাসভবনসহ ১৯টি সরকারি দপ্তরে ভাঙচুর ও অগ্নিসংযোগে এক কোটি ৫৯ লাখ ৬২ হাজার টাকার সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করে এ হিসাব পেয়েছেন বলে গতকাল রোববার জানা গেছে।গত সোমবার পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় ১৯টি সরকারি দপ্তরে ভাঙচুর-অগ্নিসংযোগ করে হরতাল সমর্থকেরা। ঘটনার পরদিন মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন কার্যদিবসে দপ্তরগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করেন কর্মকর্তারা।ক্ষয়ক্ষতির তালিকা চূড়ান্ত করে ঘটনা তদন্তে গঠিত জেলা প্রশাসনের কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্বনাথের ইউএনও সোনামনি চাকমা।ইউএনও কার্যালয় সূত্র জানায়, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইউএনওর কার্যালয় ও বাসভবনে। কার্যালয়ে ইউএনওর ব্যবহূত কম্পিউটার ও জিপগাড়িতে অগ্নিসংযোগ এবং বাসভবনে হামলা চালিয়ে আসবাব ভাঙচুর করায় ৬২ লাখ টাকার সরকারি সম্পদ নষ্ট হয়েছে।এ ছাড়া উপজেলা সম্মেলনকক্ষে পাঁচ লাখ, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে পাঁচ লাখ, আনসার-ভিডিপি কার্যালয়ে এক লাখ, ভূমি কর্মকর্তার কার্যালয়ে পাঁচ লাখ, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে পাঁচ লাখ, মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ২০ লাখ ৫০ হাজার, হিসাবরক্ষণ কার্যালয়ে ১০ লাখ ৫০ হাজার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ১৫ লাখ, সমবায় কর্মকর্তার কার্যালয়ে পাঁচ লাখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে তিন লাখ ৫২ হাজার ৫০০, সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে পাঁচ লাখ, পল্লি উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে দুই লাখ এবং মাধ্যমিক শিক্ষা, যুব উন্নয়ন, বন বিভাগ, পরিসংখ্যান, সেটেলমেন্ট ও নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ১৫ লাখ ১০ হাজার টাকার ক্ষতি নিরূপণ করা হয়েছে।ইউএনও সোনামনি চাকমা প্রথম আলোকে বলেন, ‘আর্থিক ক্ষয়ক্ষতির হিসাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ছাড়া দপ্তরগুলোতে সংরক্ষিত নথিপত্রের তথ্য বিভিন্ন অনুলিপির সূত্র ধরে পুনরায় সংরক্ষণের চেষ্টা চলছে।’