১৯ হাজার বাংলাদেশিকে ফিরিয়ে আনার পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মুহূর্তে মিসর ও তিউনিসিয়ায় অবস্থানরত প্রায় ১৯ হাজার বাংলাদেশিকে আইওএমের সহায়তায় ১০ দিনের মধ্যে ফিরিয়ে আনার পরিকল্পনা আছে। তবে সরকার সংঘাতকবলিত লিবিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হলেও এখনো সব বাংলাদেশিকে ফিরিয়ে আনার কথা ভাবছে না। শুধু যাঁরা ফিরে আসতে চান কেবল তাঁদেরই স্থানান্তর করা হচ্ছে।পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস গতকাল বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।এদিকে ওই সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদি জানান, আগামী রোববার থেকে বিমানের নিজস্ব ফ্লাইটে মিসরে আশ্রয় নেওয়া লিবিয়া-প্রবাসী বাংলাদেশিদের দেশে আনা হবে। পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাওয়ায় লিবিয়া থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে কি না সাংবাদিকেরা তা জানতে চাইলে মিজারুল কায়েস বলেন, ‘লিবিয়া থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা সরকারের নেই। লিবিয়া-প্রবাসী যেসব বাংলাদেশি সীমান্ত পেরিয়ে পাশের কোনো দেশে যাচ্ছেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় সরকার শুধু তাঁদেরই দেশে ফিরিয়ে আনছে।’সরকার সংকট শুরুর প্রথম থেকেই বলে আসছে কেবলমাত্র বিপদগ্রস্ত বাংলাদেশিদেরই ফিরিয়ে আনা হবে।তবে পররাষ্ট্রসচিব বলেন, ১০ দিনের পরিকল্পনা থাকলেও বাংলাদেশ বিমানের মাধ্যমে আগামী এক সপ্তাহে প্রায় এক হাজার ৩০০ লোককে ফিরিয়ে আনা হলে সব মিলিয়ে সপ্তাহখানেকেরই মধ্যে এ পর্যন্ত আটকা পড়া ১৯ হাজার বাংলাদেশিকে দেশে আনা সম্ভব হবে। এদিকে বেসামরিক বিমান ও পর্যটনসচিব শফিক আলম মেহেদি বলেন, মূলত বিমানের জেদ্দা ও লন্ডনগামী ফ্লাইটগুলো ফেরার পথে বাংলাদেশিদের দেশে নিয়ে আসবে। সচিব বলেন, সপ্তাহে জেদ্দা ও লন্ডনে বিমানের পাঁচটি ফ্লাইট চলাচল করে। ওই ফ্লাইটগুলোই ফেরার পথে মিসরের আলেকজান্দ্রিয়া থেকে বাংলাদেশিদের দেশে আনবে। বিমানের ফ্লাইটগুলো এ ক্ষেত্রে ঢাকা-জেদ্দা-আলেকজান্দ্রিয়া-ঢাকা এবং ঢাকা-দুবাই-লন্ডন-আলেকজান্দ্রিয়া-ঢাকা এভাবে চলাচল করবে।এক প্রশ্নের জবাবে সচিব বলেন, বিমানের ফিরতি ফ্লাইটে ইতিমধ্যেই বুকিং দেওয়া যাত্রীদের প্রয়োজনে বিমান নিজের খরচে অন্য এয়ারলাইনে তুলে দেবে। তাঁরা বিষয়টি সমন্বয় করার চেষ্টা করছেন। বাংলাদেশিদের আলেকজান্দ্রিয়া থেকে আনতে জ্বালানি, বিমানবন্দরের বিভিন্ন মাশুলসহ পুরো খরচ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বহন করবে।বিমানসচিব উল্লেখ করেন, মিসরের সঙ্গে বাংলাদেশের ওভারফ্লাইট-সংক্রান্ত (আকাশসীমা ব্যবহারের) কোনো চুক্তি নেই। তাই অস্থায়ীভাবে এ বিষয়ে অনুমতি পেতে পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করছে। আগামী রোববারের আগেই এ ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া যাবে। গ্রিস থেকে তিন লাশ এসেছে: পররাষ্ট্রসচিব জানান, ৬ মার্চ জাহাজে গ্রিস যাওয়ার সময় সাগরে লাফিয়ে পড়ে নিহত তিন বাংলাদেশির লাশ গতকাল দেশে আনা হয়েছে। তাঁরা হলেন বরিশালের মোহন কামাল, সাভারের মোহাম্মদ শফিউল আজম ও গোপালগঞ্জের ফরিদ খলিফা।৬ মার্চ গ্রিসের উপকূলের কাছাকাছি এসে জাহাজ থেকে সাগরে লাফিয়ে পড়েন ৪৯ বাংলাদেশি। এতে তিনজন প্রাণ হারান, আর নিখোঁজ হন ১১ জন। মিজারুল কায়েস জানান, গতকাল পর্যন্ত নিখোঁজ ওই ১১ জনের খোঁজ মেলেনি।ফিরেছেন আরও ২০০৭: গতকাল বৃহস্পতিবার আইওএমের ভাড়া করা বিশেষ বিমানে করে আরও দুই হাজার সাতজন বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফেরত এসেছেন।আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশের মুখপাত্র আসিফ মুনীর এ প্রতিবেদককে জানান, ভোর থেকে রাত পর্যন্ত মোট ১০টি ফ্লাইটে দুই হাজার সাতজন ফেরত এসেছেন। এ ছাড়া সীমান্তে হূদেরাগে আক্রান্ত হয়ে প্রাণ ত্যাগ করা সেলিম চৌধুরীর লাশ গতকাল সন্ধ্যায় দেশে পৌঁছেছে। ৩৬ বছর বয়সী সেলিমের গ্রামের বাড়ি নোয়াখালীর মুন্সির হাটে।আইওএম সদর দপ্তর, মিসর ও তিউনিসিয়ার কার্যালয়ের পরিকল্পনায় প্রতিদিন চার হাজার বাংলাদেশিকে দেশে ফেরত আনা সম্ভব। কিন্তু গত কয়েক দিনের অভিজ্ঞতা থেকে আইওএম বলছে, ঢাকার বিমানবন্দরে দিনে দুই হাজার থেকে তিন হাজারের বেশি এ ধরনের যাত্রী ব্যবস্থাপনা করা সম্ভব নয়।