
‘ঐক্য থাকলেই নৌকার জয়’, সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসন নিয়ে গত ৩০ জানুয়ারি এমনই প্রত্যয় ব্যক্ত করেছিলেন এই অঞ্চলের আওয়ামী লীগের নেতারা। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম সেই সমাবেশে উপস্থিত ছিলেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই স্থানে প্রায় ১০ মাস পর গতকাল শনিবার সিলেটে নির্বাচনী জনসভায় শেখ হাসিনার উপস্থিতিতে নেতারা বললেন, ‘আমরা ঐক্যবদ্ধ। নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এবার ১৯ আসনই শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে।’
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমানের সভাপতিত্বে জনসভায় স্বাগত বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। নগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সঞ্চালনায় বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহউদ্দিন সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এনামুল কবীর ইমন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রমুখ।
উৎসবমুখরতায় সিলেট বিভাগের চার জেলার নেতা-কর্মী ও নৌকার সমর্থকদের উপস্থিতি ছিল সমাবেশে। প্রার্থীদের সঙ্গে বর্ণিল সাজে মিছিল ও শোভাযাত্রা করে কর্মী–সমর্থকেরা জনসভাস্থলে হাজির হন। সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, নগরের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বক্তৃতায় নৌকার বিজয়ে সিলেট ঐক্যবদ্ধ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ, এবার ১৯ আসনই নৌকার, শেখ হাসিনার জন্য উপহার।’
জনসভায় শেখ হাসিনা সিলেট বিভাগের ১৯টি আসনের মহজোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এ সময় সিলেট-২ আসনে মহাজোট মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরী ও সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহকে পরিচয় করাতে গিয়ে বলেন, ‘আপাতত লাঙ্গল মার্কায় ভোট, ভবিষ্যতে লাঙ্গলসহ সব নৌকায় তুলে আনব।’
ভাইয়ের কথা বললেন অর্থমন্ত্রী
সিলেট-১ (মহানগর-সদর) আসনের সাংসদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবার নির্বাচন করছেন না। তাঁর বদলে নির্বাচন করছেন ছোট ভাই এ কে আবদুল মোমেন। জনসভায় অর্থমন্ত্রী বক্তব্যের মধ্যভাগে উপস্থিত জনসাধারণের প্রতি বিশেষ অনুরোধ রয়েছে জানিয়ে এ কে আবদুল মোমেনকে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি বলেন, ‘আমার পাশে দাঁড়িয়ে আছেন এ কে আবদুল মোমেন। তাঁর প্রথম পরিচয় হলো, তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। দ্বিতীয় পরিচয় হলো, তিনি আমার ভাই। আমার কনিষ্ঠ ভাই। যদিও বিদেশে অনেক দিন ধরেই থাকছেন। কিন্তু প্রত্যেকটি নির্বাচনে আপনাদের সঙ্গে থেকেছেন। ১৯৯১ থেকে শুরু করেই প্রত্যেক নির্বাচনে আসেন, কাজ করেন। গত তিন বছর এখানেই সবার সঙ্গে মিলেমিশে আছেন। তাঁকে এবার সিলেট-১ আসনে নৌকায় মনোনয়ন দেওয়া হয়েছে।’ ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘তাঁকে (আবদুল মোমেন) এই এলাকায় এমপি করে জনগণের সেবা করার সুযোগ দেবেন।’
সরকারের উন্নয়নের কথা বলতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা গত ১০ বছরে ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছি। আমরা আরও অনেক কিছুতে স্বয়ংসম্পূর্ণ। আমরা জনগণের জন্য কাজের সুযোগ করেছি ও রোজগারের সুযোগ করেছি। সামান্য কিছু কাজ বাকি রয়েছে, যা ভবিষ্যতে করব। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে শেখ হাসিনার সরকার আবারও ক্ষমতায় আসবে। এখনো আমাদের দেশে এক–পঞ্চমাংশ মানুষ গরিব রয়েছে। এই গরিবদের গরিবানা থেকে মুক্তি দিতে হবে। তাদের জন্য ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই কাজটি করার জন্য যাদের রেকর্ড ভালো, তাঁদের ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনবেন। সেই ভোট দিতে হলে আপনাদের (ভোটরাদের) নৌকাকে ভোট দিতে হবে।’
প্রার্থীরা যা বললেন
জনসভায় সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত ছয়জন প্রাথী বক্তব্য দেন। সিলেট-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘বর্তমান সরকারের মূল লক্ষ্য ছিল দারিদ্র্য ও অভাব দূর করা। ১০ বছরে ধরে এর পরিবর্তন হয়ে আসছে। শুধু পরিবর্তন নয়, যুগান্তকারী পরিবর্তন হয়েছে। আমাদের দেশ এখন ভিক্ষুকের জাতি নয়। বিশ্বের বুকে একটি উন্নত জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এখন জনগণই নির্ধারণ করবে দুর্নীতিবাজ, খুনিদের নেতৃত্বে দেশ পরিচালিত হবে, না উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করে আবার ক্ষামতায় আনবেন।’
সিলেট-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাফিজ আহমদ মজুমদার বলেন, ‘পৃথিবীতে ২০০টির ওপরে দেশ আছে। সেই দেশ ভাগ্যবান, যে দেশের ভাগ্যে জুটেছে একজন নেতা রাষ্ট্রনায়ক। কিন্তু তিনি আমাদের অর্থনৈতিক মুক্তি দিয়ে যেতে পারেননি। কারণ, সে সময় তিনি পাননি। তবে আমরা একজন নেত্রীকে পেয়েছি, যাঁর নেতৃত্বে পিতার রেখে যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন করে উন্নতির শিখরে এগিয়ে যাচ্ছি।’ তিনি বলেন, ‘আমি তাঁর (প্রধানমন্ত্রী) নির্দেশেই বাধ্য হয়ে নির্বচনে অংশ নিচ্ছি। আমি ভোটভিক্ষা চাই না। আমি বলব, জনগণ ও ভোটাররা যদি মনে করেন, আমি কাজ করতে পারব এবং যোগ্য ও সৎ, তাহলে নৌকা প্রতীকে আমাকে জয়যুক্ত করবেন।’
সিলেট-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইমরান আহমদ চৌধুরী বলেন, ‘আপনারা আমাকে নৌকা মার্কা নিয়ে পাঁচবার নির্বাচিত করেছেন। যা উন্নয়ন করার কথা ছিল সবকিছু করেছি। প্রধানমন্ত্রী যে অঙ্গীকার করেছিলেন, সবগুলো পূরণ করেছি। আপনাদের ভোট নৌকাতে আবার চাই, আপনাদের নিজেদের স্বার্থে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন।’
সিলেট-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ-উস-সামাদ চৌধুরী বলেন, ‘সবার কাছে, সারা বাংলাদেশের মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা, বঙ্গবন্ধুর প্রতীক নৌকা। দুজনকে বিজয়ী করে রাখতে নৌকায় ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করবেন। নৌকায় ভোট দিলে বাংলাদেশ এগিয়ে যাবে, নইলে থেমে যাবে।’
সিলেট-২ আসনের মহাজোট মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে মহাজোট থেকে লাঙ্গল প্রতীকে মনোনীত করে জনগণের পাশে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর আস্থার সঙ্গে এলাকাবাসীও আস্থা রাখবেন। আমার জন্য লাঙ্গল ও বাকি সবার জন্য নৌকায় ভোট চাই।’
সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এ কে আবদুল মোমেন বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে অভূতপূর্ব উন্নয়নের পথে নিয়ে গেছেন। ২০৪১ সালে দেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশের মানুষ নৌকাকে সমর্থন জানাবে। সাধারণ মানুষই নির্ধারণ করবেন, নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনর্নির্বাচিত করবেন, না অন্যদের ক্ষমতায় এনে দেশকে তলাবিহীন ঝুড়ি বানাবেন।’