১৯টি গরুসহ ট্রাক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার মির্জানগর গ্রাম থেকে গত মঙ্গলবার রাতে ১৯টি গরুসহ একটি ট্রাক ছিনতাই হয়েছে। রাস্তায় গাছ কেটে ফেলে অস্ত্রের মুখে রাখাল, চালক ও চালকের সহকারীকে জিম্মি করে ট্রাকটি ছিনতাই করা হয়। এ ঘটনায় কেশবপুর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাতক্ষীরার তালা উপজেলার নলতা গ্রামের আফেল উদ্দীনের ১৯টি গরুসহ একটি ট্রাক কলারোয়া থেকে কেশবপুরের দিকে যাচ্ছিল। পথে কেশবপুর-সরোশকাঠি সড়কের মির্জানগরে রাস্তার গাছ কেটে ফেলে ১০ থেকে ১৫ জন সশস্ত্র ব্যক্তি ট্রাকটির গতি রোধ করে।ট্রাকে থাকা রাখাল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হজরত আলী জানান, দিবাগত রাত একটার দিকে ডাকাতেরা পথ রোধ করে অস্ত্রের মুখে গাড়ি থেকে নামিয়ে তাঁকে, চালক ও চালকের সহকারীকে পাশের জঙ্গলের তিন ঘণ্টা বেঁধে রেখে গরুসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়। গরুগুলোর দাম আট থেকে নয় লাখ টাকা। ট্রাকটির বরগুনায় যাওয়ার কথা ছিল। ছিনতাই হওয়া ট্রাকের নম্বর ঝিনাইদহ ট-১১-৭৮২। খুলনার ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া গ্রামের গরু ব্যবসায়ী নাজিম উদ্দীন বলেন, ১০ মার্চ একই স্থান থেকে তাঁর সাতটি গরুসহ একটি ট্রাক ছিনতাই হয়। ট্রাকটি উদ্ধার হলেও গরু উদ্ধার হয়নি।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল জানান, ট্রাকের চালক ঝিনাইদহের কাঞ্চনপুর গ্রামের আবদুর মজিদ বাদী হয়ে মামলা করেছেন। ট্রাক ও গরু উদ্ধারের চেষ্টা চলছে।