১৯টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। এতে বিদ্যালয়ের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সূত্র জানায়, কিছু কিছু প্রাথমিক বিদ্যালয়ে তিন-চার বছর পর্যন্ত প্রধান শিক্ষকের পদটি শূন্য। এ ছাড়া সহকারী শিক্ষকের ২৯টি পদও শূন্য আছে।
পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর বলেন, ‘প্রায় তিন বছর আমাদের স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য। এ ছাড়া সহকারী শিক্ষকের একটি পদও শূন্য রয়েছে। এতে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’
আঁধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি রফিকুল আলম বলেন, অনেক দিন ধরে প্রধান শিক্ষকের পদ খালি। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে বিষয়টি বেশ কয়েকবার জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। তিনি বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশাসনিক কাজে শিক্ষা কার্যালয়ে গেলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও বিঘ্নিত হয়।
লোহাগাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জহির উদ্দিন বলেন, প্রধান শিক্ষক ছাড়া বিদ্যালয়ের শিক্ষার মান ও প্রশাসনিক কার্যক্রম ঠিক রাখা অসম্ভব। উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভায় এ বিষয়ে একাধিকবার বলা হয়েছে। তিনি বলেন, এ ছাড়া উপজেলার ৩৭টি বিদ্যালয়ে বিদ্যুৎ-সংযোগ নেই।
এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু নছর মো. হাছান বলেন, প্রধান শিক্ষক না থাকায় শিক্ষার মান ব্যাহত হচ্ছে। তিনি বলেন, আগামী দু-তিন মাসের মধ্যে শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।