১৯টি ফেরির মধ্যে চলছে ৮টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাব্যতা সংকটের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ১২ আগস্ট ২০১৮, কাঁঠালবাড়ি। ছবি: অজয় কুন্ডু
নাব্যতা সংকটের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ১২ আগস্ট ২০১৮, কাঁঠালবাড়ি। ছবি: অজয় কুন্ডু

নাব্যতা সংকটের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। নৌপথে চলাচলরত ১৯টি ফেরির মধ্যে এখন থেমে থেমে চলছে ৮টি। এতে দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রী ও চালকেরা।

কাঁঠালবাড়ি ঘাট কর্তৃপক্ষ জানায়, হঠাৎ করে পদ্মার পানি কমে যাওয়ায় মুন্সিগঞ্জের লৌহজংয়ের টার্নিং পয়েন্টে নাব্যতা সংকট সৃষ্টি হয়েছ। ডুবো চরে ফেরিগুলো আটকে যাওয়ায় চলাচল ব্যাহত হচ্ছে এক সপ্তাহের বেশি সময় ধরে। গতকাল শনিবার বিকেলে চ্যানের মুখে মাত্রাতিরিক্ত পলি জমে ভয়বহ নাব্যতা সংকট সৃষ্টি হয়। সন্ধ্যার পর থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। পরে চ্যানেল মুখে খননযন্ত্র বসিয়ে পলি অপসারণ করা হলে রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। পরে এই নৌপথে শুধু কে-টাইপ ও আকারে ছোট (ভিআইপি) ফেরিগুলো চলাচল শুরু করে। নৌপথে চলাচলরত সর্বোচ্চ ধারণ ক্ষমতাসম্পন্ন ১১টি রো রো ও ডাম্ব ফেরি বন্ধ রাখা হয়। ফলে কাঁঠালবাড়ি ঘাটে আটকা পড়েছে আট শর বেশি যানবাহন। তবে স্বাভাবিক রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল।

আজ রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, কাঁঠালবাড়ি ঘাটের ১ নম্বর ফেরিঘাটে একটি কে-টাইপের ফেরিতে ছোট-বড় মিলিয়ে কয়েকটি যানবাহন উঠছে। ঘাটের পাশেই অলস পড়ে আছে রো রো ও ডাম্ব ফেরিগুলো। একই চিত্র বাকি আরও তিনটি ঘাটে। সেখানেও ফেরিগুলো নোঙর করে রাখা হয়েছে। ফেরিতে উঠতে না পেরে যানবাহনগুলো সারিবদ্ধভাবে রয়েছে। বাস ও ট্রাকের টার্মিনালও ভর্তি রয়েছে যানবাহনে।

চট্টগ্রামগামী ট্রাকের চালক কবির মাতুব্বর বলেন, ‘ছয় দিন টার্মিনালে বসে থাকার পরে আজ ফেরিতে উঠতে সিরিয়াল পেয়েছি। কিন্তু আজ দেখি নামমাত্র দু-একটা ফেরি চলছে। কী করব কিছু বুঝতে পারছি না। ঘাটে এসে ফেরি পারাপার নিয়ে আমাদের দুর্ভোগের শেষ নেই।’

নাব্যতা সংকটের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে টার্মিনালে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক। কাঁঠালবাড়ি ঘাট এলাকায়। ১২ আগস্ট ২০১৮, কাঁঠালবাড়ি। ছবি: অজয় কুন্ডু
নাব্যতা সংকটের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে টার্মিনালে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক। কাঁঠালবাড়ি ঘাট এলাকায়। ১২ আগস্ট ২০১৮, কাঁঠালবাড়ি। ছবি: অজয় কুন্ডু

ঢাকাগামী যাত্রী শাহাদত আকান বলেন, ‘বরিশাল থেকে ফেরি পারাপারের বাসে উঠেছি। ঘাটে এসে শুনি ফেরি চলছে না। কিছু সময় সিরিয়ালে বাসে বসে থাকার পরে এখন বাস থেকে নেমে লঞ্চে করে শিমুলিয়া ঘাটে যাচ্ছি।’

ঢাকাগামী ঈগল পরিবহনের চালক কাওসার হোসেন বলেন, ‘রোববার সকাল ১০টা থেকে ঘাটে বসে আছি। যাত্রীরা অধৈর্য হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কী করব? ঘাটের লোকেরা বলেছে অপেক্ষা করতে, নয়তো পাটুরিয়া-দৌলতদিয়া পথ ধরে যেতে। এখন অপেক্ষায় আছি দেখি, কখন ফেরি ছাড়ে।’

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া প্রথম আলোকে বলেন, ‘খননকাজের সময় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ। চ্যানেলমুখে ঠিকভাবে খননকাজের জন্য আকারে বড় ও সর্বোচ্চ ধারণ ক্ষমতাসম্পন্ন রো রো ও ডাম্ব ফেরি বন্ধ রাখা হয়েছে। তবে কে-টাইপ ও আকারে ছোট কয়েকটি ফেরি চলাচল করছে। এ নৌপথে ফেরি কম চলায় আমরা যানবাহনগুলোকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ ব্যবহার করতে বলছি।’

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ‘চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আমরা যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্স পারাপার করতে কে-টাইপের পাঁচটি ও মাঝারি আকারে তিনটি ফেরি চালু রেখেছি। তবে এ ফেরিগুলো খুবই অল্প যানবাহন বহন করতে পারে।’

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে মো. খালেদ নেওয়াজ আরও বলেন, চ্যানেল হয়ে ফেরি চলতে সাত ফুট পানির দরকার। কিন্তু পলি জমে পানি আছে পাঁচ ফুট। এত অল্প পানিতে ফেরি চালানো ঝুঁকিপূর্ণ। বিআইডব্লিউটিএর লোকজন খননযন্ত্র বসিয়ে কাজ করছেন। তবে কবে নাগাদ কাজ শেষ হবে, তা এখনই বলা যাবে না।

কাঁঠালবাড়ি ঘাটের ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (এসআই) কুশল কুমার সাহা বলেন, ঘাটে কে-টাইপের মাত্র চার-পাঁচটি ফেরি চলাচল করছে। ফলে ঘাটের টার্মিনালে ও রাস্তার ওপরে আটকা পড়েছে ৮ থেকে ৯ শতাধিক যানবাহন। যানবাহনগুলো নিয়ন্ত্রণে আনতে পুলিশের একাধিক সদস্য কাজ করে যাচ্ছেন। ফেরি ঠিকমতো চলাচল করতে না পারায় যানবাহনের চাপ অতিরিক্ত বেড়ে গেছে।