১৯টি বিদ্যালয়ে ক্লাস চলছে ঝুঁকিপূর্ণ ভবনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে শ্রেণি কার্যক্রম (পাঠদান কার্যক্রম) চালানো হচ্ছে। গত বছরের জুন মাসে ভবনগুলো ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়।
শিক্ষকেরা বলছেন, কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান কার্যক্রম চালাতে হচ্ছে। এতে ছাত্রছাত্রী ও অভিভাবকেরা দুর্ঘটনার আশঙ্কায় উদ্বিগ্ন থাকছেন।
সরেজমিনে দেখা যায়, ঝুঁকিপূর্ণ এসব বিদ্যালয় ভবনের ছাদ, বিম, পিলার ও দেয়ালে ফাটল দেখা দিয়েছে এবং পলেস্তারা ঝরে লোহার রড বেরিয়ে পড়ছে। টিনশেড ভবনের ছাউনির টিন নষ্ট হয়ে গেছে। বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের বসার জন্য বেঞ্চেরও সংকট রয়েছে।
চরলরেন্স এলাকার উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিক উল্যাহ জানান, ১৯৯৭-৯৮ অর্থবছরে নির্মিত চার কক্ষবিশিষ্ট তাঁর বিদ্যালয় ভবনটি ২০০১ সালে উদ্বোধন করা হয়। ভবনটির ছাদ ও পিলারের পলেস্তারা খসে পড়ে লোহার রড বেরিয়ে গেছে, দেয়ালে ফাটল দেখা দিয়েছে, দরজা-জানালা ভেঙে গেছে। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ এ ভবনেই দুই শিফটে ৩৬৬ জন ছাত্রছাত্রীর পাঠদান কার্যক্রম চালাতে হচ্ছে।
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মো. রুবেলের অভিভাবক আজাদ উদ্দিন, পঞ্চম শ্রেণির ছাত্র রাজুর অভিভাবক (পিতা) আবদুস সহিদ বলেন, বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে। এর মধ্যে ছেলেমেয়েদের ক্লাসে পাঠিয়ে তাঁরা দুর্ঘটনার আশঙ্কায় উদ্বিগ্ন থাকেন।
১৯৭২ সালে প্রতিষ্ঠিত চরপাগলা পাটোয়ারীপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুতুন নেছা জানান, তাঁর বিদ্যালয়ের টিনশেড ভবনটি ১৯৮৮ সালে নির্মাণ করা হয়। এখন তা একেবারেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
গতকাল শনিবার ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভবনের চালের টিন নষ্ট হয়ে গেছে, ঢালাই খসে পড়ে বারান্দার পিলারগুলো লোহার রডে ভর করে দাঁড়িয়ে আছে। এর মধ্যেই দুই শিফটে ৫২৮ জন ছাত্রছাত্রীকে ক্লাসে বসতে হচ্ছে।
পঞ্চম শ্রেণির ছাত্রী রাবেয়া বশরী, তৃতীয় শ্রেণির ছাত্রী হাফছা বেগম জানায়, বৃষ্টি হলে শ্রেণিকক্ষে পানি পড়ে। ওই সময় তারা ক্লাস করতে পারে না।
উপজেলা শিক্ষা কর্মকর্তা খগেন্দ্র চন্দ্র সরকার জানান, ২০১৩ সালের জুন মাসে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) উপজেলার ১৯টি বিদ্যালয়ের পাকা ও আধাপাকা ভবনকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে এবং কয়েকটি ভবনকে পরিত্যক্ত ঘোষণা করে। ওই সময় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।
খগেন্দ্র চন্দ্র বলেন, এ পর্যন্ত তিনটি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া ছয়টি বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারের জন্য দেড় লাখ টাকা করে বরাদ্দ পাওয়া গেছে। অচিরেই ওই বরাদ্দ দিয়ে কাজ শুরু করা হবে।