ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সরকারি-বেসরকারি ২১টি হাসপাতাল ও ক্লিনিকের মধ্যে ১৯টির কোনো অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি ও ফায়ার লাইন্সেস নেই।সরেজমিনে গতকাল মঙ্গলবার দেখা যায়, উপজেলার জিনজিরা শহীদনগর এলাকায় আলবারাকা জেনারেল হাসপাতাল, শুভ ক্লিনিক, চুনকুটিয়া এলাকায় শাহানা ক্লিনিক, পরিচর্যা ক্লিনিক, ঝিলমিল ক্লিনিক, হাসনাবাদ এলাকায় হাসনাবাদ জেনারেল হাসপাতাল, কদমপুর জেনারেল হাসপাতাল, আবদুল্লাহপুর এলাকায় রহিমা বেগম আধুনিক হাসপাতাল, আফরোজা জেনারেল হাসপাতাল, আবদুল্লাহপুর জেনারেল হাসপাতাল, রোহিতপুর এলাকায় এসআর জেনারেল হাসপাতাল, রোহিতপুর জেনারেল হাসপাতাল, কলাতিয়া এলাকায় কলাতিয়া সেন্ট্রাল হাসপাতাল, সালাম জেনারেল হাসপাতাল, আটিবাজার এলাকায় আটিবাজার সেন্ট্রাল হাসপাতাল, রাফিয়া ক্লিনিক, আল আরাফাত জেনারেল হাসপাতাল, শুকতারা জেনারেল হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি ও ফায়ার লাইসেন্স (সনদ) নেই। তবে দুটি বেসরকারি হাসপাতালে অগ্নিনির্বাপণ যন্ত্র ও ফায়ার সনদ রয়েছে। হাসপাতাল দুটি হচ্ছে: জিনজিরা ছাটগাও এলাকায় সাজেদা হাসাপাতাল ও কলাতিয়া এলাকায় কপাতিয়া মডার্ন জেনারেল হাসপাতাল। এদিকে শাহানা ক্লিনিকের কর্মচারী মো. হাসান জানান, এ হাসাপাতালটি ১৮ শয্যাবিশিষ্ট। তবে তাদের এখানে অগ্নিনির্বাপণ কোনো যন্ত্রপাতি নেই। এসআর জেনারেল হাসপাতালের পরিচালক মো. তমাল জানান, তাঁদের কোনো অগ্নিনির্বাপণ যন্ত্র নেই। তবে তাঁরা শিগগির এর ব্যবস্থা করবেন। কলাতিয়া সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপক দেলোয়ার হোসেন বলেন, তাঁদের হাসপাতাল ২০ শয্যার। তবে অগ্নিনির্বাপণ যন্ত্র নেই। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, মাস দুয়েক আগে তিনি এ হাসপাতালে দায়িত্ব নিয়েছেন। এখানে অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি নেই। তবে চিকিৎসক, কর্মচারী ও রোগীদের নিরাপত্তার স্বার্থে অতিসত্বর এর ব্যবস্থা করা হবে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কেরানীগঞ্জ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ১১ ডিসেম্বর উপজেলার সরকারি ও বেসরকারি ২১টি ক্লিনিক এবং হাসপাতাল পরিদর্শন করেছি। এগুলোর মধ্যে মাত্র দুটি বেসরকারি হাসপাতালে অগ্নিনির্বাপণ যন্ত্র ও ফায়ার সনদ পাওয়া গেছে। যেসব হাসপাতাল ও ক্লিনিকে ফায়ার সার্ভিসের সনদ ও অগ্নিনির্বাপণ যন্ত্র নেই, তাদের চিঠি দেওয়া হয়েছে।