১৯০ কি.মি. সড়কের কাজ শেষ হওয়া নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ১৯০ কিলোমিটার সড়ক নির্মাণ ও সংস্কারকাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হওয়া নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। চলতি জুন মাসেই এ কাজগুলো শেষ হওয়ার কথা। দিনাজপুর এলজিইডির কার্যালয় সূত্র জানায়, সংশ্লিষ্ট ঠিকাদারদের চিঠি দিয়ে কাজ শেষ করার তাগাদা দেওয়া হয়। কিন্তু পাল্টা চিঠি দিয়ে কয়েকজন ঠিকাদার জানান, নির্মাণসামগ্রী, বিশেষত ইটের দাম বাড়ার কারণে কাজ করা সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১০-১১ অর্থবছরে যোগাযোগব্যবস্থা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে দিনাজপুরের ১৩টি উপজেলায় তিনটি প্রকল্পে ঠিকাদার নিয়োগের পর কার্যাদেশ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে রংপুর ও দিনাজপুর জেলার গ্রামীণ যোগাযোগ ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের (আইআরআইডিপি) অধীনে ৮৫ কিলোমিটার, অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীনে ৬৫ কিলোমিটার এবং দ্বিতীয় গ্রামীণ উন্নয়ন প্রকল্পের অধীনে প্রায় ৪০ কিলোমিটার সড়ক নির্মাণ ও সংস্কারকাজ। দিনাজপুর এলজিইডির সহকারী প্রকৌশলী মো. নুরুল ইসলাম জানান, এসব প্রকল্পের কাজ দেওয়া হয়েছে শতাধিক ঠিকাদারকে। তবে হাতেগোনা দু-চারটি সড়কের নির্মাণকাজের অগ্রগতি হলেও ৯০ শতাংশ কাজ শুরুই করেননি ঠিকাদারেরা। অথচ চলতি জুন মাসেই কাজগুলো শেষ হওয়ার কথা। তিনি জানান, কাজগুলো যথাসময়ে শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারদের একাধিক চিঠির মাধ্যমে তাগাদা দেওয়া হয়েছে। ঠিকাদারেরা পাল্টা চিঠি দিয়ে জানিয়েছেন, ইট, বিটুমিন, পাথর এবং শ্রমমজুরি অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় কাজ করা সম্ভব হচ্ছে না।ঠিকাদার নুরুল ইসলাম জানান, দরপত্রে প্রতি হাজার ইটের দাম ধরা আছে চার হাজার ৬০০ টাকা। কিন্তু বর্তমানে প্রথম শ্রেণীর প্রতি হাজার ইট সাত হাজার টাকায় বিক্রি হচ্ছে। ঠিকাদার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী জানান, শুধু ইট নয়, বিটুমিন ও পাথরের দামও বেড়েছে। দরপত্রে প্রতি ড্রাম বিটুমিনের দাম ধরা হয় সাড়ে ছয় হাজার টাকা। বর্তমানে এর দাম সাত হাজার ৩০০ টাকা। পাথরের ক্ষেত্রেও এমন হয়েছে। তিনি বলেন, ‘কাজ না করলে বড়জোর জামানত বাজেয়াপ্ত হবে। কিন্তু কাজ করলে অনেক বড় ক্ষতির মুখে পড়তে হবে।’দিনাজপুরের দুটি ইটভাটার মালিক বিশ্বনাথ আগরওয়াল প্রথম আলোকে জানান, জেলায় প্রায় ২০০ ইটভাটা আছে। প্রতিদিন হাজার হাজার ইট হিলি স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হচ্ছে। রপ্তানিকারকেরা আগাম টাকা দিয়ে ইট কিনে নিচ্ছেন। রপ্তানিকারকেরা জানান, তাঁরা বাংলাদেশ থেকে প্রথম শ্রেণীর প্রতি হাজার ইট সাড়ে সাত হাজার টাকায় কিনে ভারতে রপ্তানি করছেন নয় হাজার টাকায়। দ্বিতীয় শ্রেণীর ইট সাড়ে ছয় হাজার টাকায় কিনে সাড়ে আট হাজার টাকায় বিক্রি করছেন। ঠিকাদার আনোয়ারুল ইসলাম বলেন, ভারতে ইট রপ্তানির ফলে সব ধরনের ঠিকাদারি এবং নির্মাণকাজ ব্যাহত হচ্ছে। হিলি স্থলবন্দরের কাস্টমস কার্যালয় সূত্রে জানা গেছে, গত জুলাই (২০১০) থেকে মে পর্যন্ত এই বন্দর দিয়ে এক কোটি ২৫ লাখ ৩৫ হাজার ৪৩১টি ইট রপ্তানি হয়েছে। যোগাযোগ করা হলে দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান বলেন, ‘মূলত ইটের দাম বেড়ে যাওয়ার কারণে এলজিইডির ১০০ কোটি টাকার প্রকল্পের কাজ প্রায় বন্ধ হয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’